সংবাদদাতা, তমলুক: চিকিৎসায় গাফিলতিতে দুধের শিশুর মৃত্যুর অভিযোগ ঘিরে মঙ্গলবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল এগরা মহকুমা হাসপাতাল চত্বর। দোষীদের শাস্তি চেয়ে এদিন সকালে বিক্ষোভ দেখেন মৃত শিশুর আত্মীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হলেন এক পুলিশকর্মী। রাস্তায় ফেলে তাঁকে মারধর করা হয়। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, কয়েকদিন আগে এগরার আলংগিরি এলাকার তপন প্রধান নামে এক ব্যক্তি তাঁর দু'মাসের শিশুপুত্রকে মহকুমা হাসপাতালে ভর্তি করেছিলেন। আজ সকালে শিশুটি মারা যায়। এর পরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান পরিবারের লোকেরা। সে সময় ওই হাসপাতালে কর্তব্যরত এক পুলিশকর্মী সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তাঁরা। ক্রমশ উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি।
এক সময় উত্তেজিত লোকজন ওই পুলিশকর্মীকে ধরে মারধর করে। মারধারের সেই ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ওই পুলিশকর্মী দৌড়ে পালানোর চেষ্টা করলেও তাঁকে ধাওয়া করে মারধর করা হয়েছে। খবর পেয়ে এগরা থানা থেকে বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।