সংবাদদাতা, কান্দি: জ্ঞান হারিয়ে ফেলা অসুস্থ প্রৌঢ়াকে হাসপাতালের পিছনে ফেলে পালিয়ে গেলেন আত্মীয় ও পাড়ার লোকজন। বৃহস্পতিবার ভরতপুর গ্রামীণ হাসপাতালে এঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীকে উদ্ধারের পর চিকিৎসা করে সুস্থ করে তোলে। পরে পুলিশের সাহায্যে তাঁর পরিবারের লোকজনকে ডেকে প্রৌঢ়াকে বাড়ি পাঠানো হয়। এদিন সকাল ১১টা নাগাদ ব্রাহ্মণডিহি গ্রামের প্রৌঢ়া দুধমায়া দাসকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু জরুরি বিভাগের সামনে না এনে তাঁকে হাসপাতালের পিছনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রৌঢ়াকে ফেলে আত্মীয় ও পড়শিরা পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ সিসি ক্যামেরায় বিষয়টি দেখতে পারে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তড়িঘড়ি মহিলাকে ভিতরে এনে চিকিৎসা শুরু করেন। তাঁর মাথা ফেটে গিয়েছিল। মুখ দিয়ে রক্তও বের হচ্ছিল। ভরতপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে প্রৌঢ়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরে প্রৌঢ়ার ছেলে রবি দাস সেখানে পৌঁছন। রবিবাবু বলেন, মা মৃগী রোগী। এদিন পাড়ার একটি দোকানে গিয়েছিলেন। কিন্তু দোকানের সিঁড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। কয়েকজন স্থানীয় ও আত্মীয় মাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন।



