নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল চণ্ডীতলা থানার পুলিস। মঙ্গলবার তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। ধৃত বসিরুদ্দিন খন্দকার ওরফে মজনু মিস্ত্রিকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। এই মজনু ওই নাবালিকার দূর সম্পর্কের আত্মীয়, পেশায় দিনমজুর। নাবালিকার পরিবারের দাবি, কয়েকমাস ধরেই মজনু তাঁদের মেয়েকে ধর্ষণ করেছে। সম্প্রতি নাবালিকা অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় সে গর্ভবতী। এরপর হইচই শুরু হয়।



