নিজস্ব প্রতিনিধি, বারাসত: সন্দেশখালিতে বিজেপির কোন্দল বাড়ছে। রবিবার কানমারিতে বিজেপির শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে গরহাজির ছিলেন ‘বিজেপির দুর্গা’ রেখা পাত্র! বিশ্বস্ত সূত্রের দাবি, এদিনের এই কর্মসূচিতে আমন্ত্রণই জানানো হয়নি রেখাকে! ওয়াকিবহাল মহলের মতে, ২৪-এর লোকসভা ভোটে ‘মহিলা দরদ’ দেখিয়ে ভোট বৈতরণী পার করতে চেয়েছিল বিজেপি। সেক্ষেত্রে ঢাল হয়েছিলেন সন্দেশখালির প্রতিবাদী মহিলারা। সামনে ছিলেন রেখা পাত্র। কিন্তু, উদ্দেশ্য পূরণ না হওয়ার জন্যই কি ‘বাহাদুর বেটি’কে ব্রাত্য করে দেওয়া হল? এই প্রশ্ন অনেকেরই। গতবছর জানুয়ারি মাসে জমিদখল থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সন্দেশখালিতে শুরু হয় আন্দোলন। টাকা দিয়ে আন্দোলনকে জিইয়ে রাখা হয়েছিল বলে দাবি করেন বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। সন্দেশখালি থেকে আন্দোলনের মুখ রেখাকে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটপ্রচারে এসে রেখাকে ‘বাহাদুর বেটি’ বলে উল্লেখ করেন। ভোট পরবর্তী সময়ে রেখার ‘সেফ হাউস’ হয়েছে সল্টলেক। ফলে, দলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিন্ন হয়েছে বলে দাবি কর্মীদের একাংশের। এদিনের সভায় তাঁকে নিয়ে কোনও নেতাকেই মুখ খুলতে দেখা যায়নি। তবে, বিজেপি নেতা পলাশ সরকার বলেন, ওঁকে আমন্ত্রণ করা হয়েছিল। উনি অসুস্থতার কারণে আসেননি। এনিয়ে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মোকাদ্দিম বলেন, বিজেপি মানুষকে যখন যেমন দরকার, তেমনভাবে ব্যবহার করে।



