Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চাকরি দুর্নীতি মামলা: ডেবরার পূর্ত কর্মাধ্যক্ষের বাড়িতে ম্যারাথন তল্লাশি

শুক্রবার সকাল থেকে বিকেল অবধি ম্যারাথন তল্লাশি অভিযান ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়ার বাড়িতে।

চাকরি দুর্নীতি মামলা: ডেবরার পূর্ত কর্মাধ্যক্ষের বাড়িতে ম্যারাথন তল্লাশি
  • ৭ আগস্ট, ২০২৬ ২১:০৭
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: শুক্রবার সকাল থেকে বিকেল অবধি ম্যারাথন তল্লাশি অভিযান ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়ার বাড়িতে। সীতেশ ডেবরা ব্লক তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি। ডেবরা বাজার সংলগ্ন এলাকাতেই তাঁর বিলাসবহুল বাড়ি। এদিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি সেই বাড়িতেই ডেবরা পুলিশের একটি দল তল্লাশি চালায়। সন্ধ্যা নাগাদ জেলা পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, পুলিশের চাকরি করে দেওয়ার নাম করে একাধিক জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন সীতেশ। সম্প্রতি এক যুবক ডেবরা থানায় সীতেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান। তবে, বাড়িতে ছিলেন না সীতেশ। গত কয়েক সপ্তাহ ধরেই তিনি এলাকা ছাড়া বলে জানা গিয়েছে।

Advertisement

এর আগে চাকরি দুর্নীতি মামলায় ডেবরা থানার হাতে গ্রেপ্তার হয়েছিলেন মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি সুজয় হাজরা। ওই মামলাতে এফআইআর দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের নামেও। আবার চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে ডেবরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ করকেও গ্রেপ্তার হতে হয়েছিল। পরে অবশ্য তিনি জামিন পান। আদালতে মিথ্যা মামলা বলে দাবি করেছিলেন প্রদীপের আইনজীবী। এলাকার দাপুটে নেতা হিসেবে পরিচিত সীতেশ ধাড়া একসময় দীপক অধিকারীর (দেব) সাংসদ-প্রতিনধি ছিলেন। পরে ডেবরার প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের আস্থাভাজন হয়ে ওঠেন। গত সপ্তাহে সীতেশের ডেবরার কার্যালয় থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার হয়। আর তার ঠিক পরের সপ্তাহেই তাঁর বাড়িতে ম্যারাথন তল্লাশি অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বিষয়ে সীতেশবাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তৃণমূলের তরফেও কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ