নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেকর্ড পরিমাণ আবগারি রাজস্ব আদায় হল রাজ্যে। চলতি অর্থবর্ষের ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে মোট ১৭ হাজার ৫৮৫ কোটি টাকা আবগারি রাজস্ব আদায় হয়েছে বলে সূত্রের খবর। মার্চের শেষ পর্যন্ত এই পরিমাণ ১৯ হাজার ৬০০ কোটি ছড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিগত অর্থবর্ষে, অর্থাৎ ২০২৩-২৪ সালে এই খাতে ১৭ হাজার ৯০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। এ বছর দোলের সময় মদ বিক্রি বেড়েছে। দোলের আগের ৯ দিনে (৫ থেকে ১৩ মার্চ) প্রায় ৭৮৭ কোটি টাকার মদ গিয়েছে খুচরো বিক্রেতা বা রিটেলারদের কাছে, যা মূলত দোলের সময় বিক্রি হয়েছে বলেই ধরে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে তাড়াতাড়ি গরম পরে যাওয়ায়, মার্চ মাস থেকে বিয়ার বিক্রিও বাড়তে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসে ২১ লক্ষ ৫০ হাজার পেটি বিয়ার বিক্রি হয়েছে। মার্চ মাসে যে হারে বিয়ারের বিক্রি বাড়ছে, তাতে এই মাসে ২৬ থেকে ২৭ লক্ষ পেটি বিয়ার বিক্রি হতে পারে বলে মনে করছেন আবগারি দপ্তরের কর্তারা। সাধারণত গরমের মাসগুলিতে বিয়ারের বিক্রি ৩২ থেকে ৩৩ লক্ষ পেটিতে পৌঁছয়। জানা গিয়েছে, বিয়ার, ইন্ডিয়ান মেড লিকার (আগে যা দেশি মদ নামে পাওয়া যেত), ইন্ডিয়ান মেড ফরেন লিকার, বিদেশ থেকে আমদানি হওয়া ফরেন লিকার বা বিআইওএস মিলিয়ে ফেব্রুয়ারি মাসে রাজ্যে ২০৮৮ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। ডিসেম্বরে মাসে যা ছিল ২২৪০ কোটি এবং পুজোর মাস অক্টোবরে ছিল ২২৮৯ কোটি। দোলে বিক্রি বৃদ্ধির ফলে মার্চ মাসের আবগারি শুল্ক পুজোর মাস এবং ইংরেজি বর্ষবরণের মাসকে ছাপিয়ে যায় কি না, সে দিকে নজর রয়েছে আবগারি কর্তাদের।



