নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মাহেশের জগন্নাথ মন্দিরে একটি সংস্থার উদ্যোগে হাজার কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান হয়। রবিবারের ওই অনুষ্ঠানের সূচনা হয়েছিল কলস-যাত্রা’র মাধ্যমে। ভক্তরা লক্ষ্মীঘাট থেকে কলসযাত্রা করে মাহেশ মন্দিরে আসেন। গঙ্গাপুজো করে তবে কলসযাত্রার সূচনা হয়েছিল। প্রায় পাঁচশো মহিলা ওই কলসযাত্রায় অংশ নেন। ছিলেন বহু সাধুসন্তও। এদিনের গীতাপাঠ অনুষ্ঠানে পদ্মশ্রী কার্তিক মহারাজ, পুরীর জগন্নাথ মন্দিরের দৈতাপতি ভবানী দাস, মাহেশ জগন্নাথ মন্দিরের প্রবীণ সেবাইত সৌমেন অধিকারী সহ বিশিষ্টরা ছিলেন। গীতাপাঠের আগে হনুমান চালিশা পাঠ করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রায় ১১ হাজার ভক্তমণ্ডলী গীতাপাঠে অংশ নিয়েছিলেন। শ্রীরামপুরের ওই উদ্যোক্তা সংগঠন জানিয়েছে, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তারা কাজ করে।



