নিউ ইয়র্ক: ক্লাব বিশ্বকাপে একের পর এক চমক দিয়ে চলেছে ব্রাজিলের ক্লাবগুলি। বৃহস্পতিবারই বোটাফোগোর কাছে হারের মুখ দেখেছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি। আর ২৪ ঘণ্টার মধ্যে চেলসির বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল আর এক ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। শুক্রবার শুরুতে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতল তারা। সেই সঙ্গে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল ফ্ল্যামেঙ্গো। ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে ব্রুনো হেনরিকে, ডানিলো ও ওয়ালেস ইয়ান। চেলসির একমাত্র গোলদাতা পেড্রো নেটো। উল্লেখ্য, ম্যাচের ৬৮ মিনিটে লাল কার্ড দেখেন নিকোলাস জ্যাকসন। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে জয় তুলে নেয় ফ্ল্যামেঙ্গো।
দিনের অপর ম্যাচে বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারাল বায়ার্ন মিউনিখ। তবে জয়ের জন্য অবশ্য বেশ ঘাম ঝরাতে হল জার্মান চ্যাম্পিয়নদের। ম্যাচের শুরুতে হ্যারি কেনের গোলে লিড নেয় বায়ার্ন। ৬৬ মিনিটে বোকা জুনিয়র্সকে সমতায় ফেরান মিগুয়েল মেরেনতিয়েল। ম্যাচের শেষলগ্নে মাইকেল ওলিসের গোলে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ভিনসেন্ট কোম্পানির ছেলেরা। উল্লেখ্য, দু’ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সি’র শীর্ষে রইল বায়ার্ন।
এদিকে, ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই পয়েন্ট খুইয়েছিল রিয়াল মাদ্রিদ। আল হিলালের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেন ভিনিসিয়াসরা। সেই ধাক্কা সামলে রবিবার জয়ের খোঁজে জাবি আলোন্সোর ছেলেরা। দ্বিতীয় ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ পাচুকা। ধারেভারে রিয়ালের চেয়ে অনেকটাই পিছিয়ে এই মেক্সিকান ক্লাব। তা সত্ত্বেও প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছে আলোন্সো ব্রিগেড। তারউপর, অসুস্থতার কারণে এই ম্যাচেও অনিশ্চিত ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। পেটের সমস্যায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু ম্যাচ খেলার মতো পরিস্থিতিতে নেই এমবাপে। তাই তাঁকে ছাড়াই আরও একবার দল সাজাতে হবে কোচ আলোন্সোকে।