Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শেষ ষোলোয় পৌঁছল রিয়াল ও ম্যান সিটি

অনবদ্য ভিনিসিয়াস জুনিয়র।  ব্রাজিলিয়ান তারকাটির সৌজন্যে সহজেই ক্লাব বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে পৌঁছল রিয়াল মাদ্রিদ।

শেষ ষোলোয় পৌঁছল রিয়াল ও  ম্যান সিটি
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

ফিলাডেলফিয়া: অনবদ্য ভিনিসিয়াস জুনিয়র।  ব্রাজিলিয়ান তারকাটির সৌজন্যে সহজেই ক্লাব বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে পৌঁছল রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে অস্ট্রিয়ার সালজবার্গকে ৩-০ গোলে হারায় জাবি আলোন্সোর দল। ৪০ মিনিটে প্রথম গোল ভিনিসিয়াসের। প্রথমার্ধের সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান ফেডেরিকো ভালভার্দে। ৮৪ মিনিটে বিপক্ষ কফিনে শেষ পেরেকটি পোঁতেন প্রতিশ্রুতিসম্পন্ন গঞ্জালো গার্সিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল রিয়ালের। দু’টি স্তরে রক্ষণ সাজিয়ে প্রতিপক্ষকে রোখাই ছিল সালজবার্গের লক্ষ্য। কিন্তু এই পরিকল্পনা সফল হয়নি। এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ-এইচ’এর শীর্ষে থেকেই শেষ ষোলোয় জায়গা করে নিল মাদ্রিদের ক্লাবটি।

Advertisement

দিনের অপর ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি ৫-২ গোলে বশ মানিয়েছে জুভেন্তাসকে। বিজয়ী দলের হয়ে লক্ষ্যভেদে সফল যথাক্রমে ডোকু, হালান্ড, ফোডেন ও সাভিনহো। অপর গোলটি কালুলুর আত্মঘাতী। ইতালির ক্লাবটির হয়ে ব্যবধান কমান কুপমেইনের্স ও ভ্লাহোভিচ। অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে যোগ্য দল হিসেবে জিতেছে পেপ-ব্রিগেড। ম্যাচের নবম মিনিটেই ডোকুর দুরন্ত শট লিড এনে দেয় তাদের। তবে তা দীর্ঘায়িত হয়নি। এডারসনের ভুলে ম্যাচে সমতা ফেরান জুভেন্তাসের কুপমেইনের্স। বিরতির আগে সিটির দ্বিতীয় গোল হালান্ডের। দ্বিতীয়ার্ধে ম্যান সিটির দাপট বাড়ে। এই পর্বে বিপক্ষকে নিয়ে কার্যত ছেলেখেলা করে তারা। গ্রুপ-জি’এর ৩টি ম্যাচই জিতে রাউন্ড অব সিক্সটিনে প্রতিনিধিত্ব করবে ম্যান সিটি। 

এদিকে, বৃহস্পতিবার আল হিলাল ২-০ গোলে পাচুকাকে হারিয়েছে। বিজয়ী দলের হয়ে গোল পেয়েছেন সালেম ও মার্কোস। এছাড়া আল আইনের কাছে ১-২ ব্যবধানে হেরেছে উইডাড এসি। বিজয়ী দলের হয়ে লক্ষ্যভেদে সফল লাবা ও রোমেরো। উইডাডের গোলদাতা মাইলুলা। 

সম্পর্কিত সংবাদ