মাদ্রিদ: স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রে’তে ব্যর্থতা ভুলে চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের। মঙ্গলবার ঘরের মাঠে মোনাকোকে হাফ ডজন গোলের মালা পরাল স্প্যানিশ ক্লাবটি (৬-১)। ম্যাচে জোড়া লক্ষ্যভেদ কিলিয়ান এমবাপের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে ফ্রাঙ্কো মাস্তানতুন্ডো, ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহ্যাম। রিয়ালের অপর গোলটি থাইলো কেহরের আত্মঘাতী। মোনাকোর একমাত্র গোলদাতা ডর্জর তেজে। উল্লেখ্য, কোচ বদলের পর এদিনই প্রথম ইউরোপ সেরার লড়াইয়ে নেমেছিল লস ব্ল্যাঙ্কোস। চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকটা দুরন্ত হল কোচ আলভারো আরবেলোয়ার। এই জয়ের সুবাদে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল রিয়াল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেনফিকার মুখোমুখি হবেন এমবাপেরা।
দিনের অপর ম্যাচে ইন্তার মিলানকে সহজেই হারাল আর্সেনাল। সান সিরোয় আয়োজিত ম্যাচে ৩-১ গোলে জিতল মিকেল আর্তেতা ব্রিগেড। সেই সুবাদে চলতি আসরে ‘অল উইন’ রেকর্ড অক্ষত রাখল তারা। ৭ ম্যাচের প্রত্যেকটি জিতে ২১ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে গানাররা। ম্যাচে জোড়া গোলে নায়ক গ্যাব্রিয়েল হেসাস। উল্লেখ্য, চোট সারিয়ে নতুন বছরেই মাঠে ফেরেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচে জাল কাঁপিয়ে কোচ আর্তেতার চিন্তা অনেকটাই কমালেন। অপর গোলটি ভিক্টর গায়োকেরাসের। ইন্তারের একমাত্র গোলদাতা পিটার সুসিচ।
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে অঘটন ঘটাল বোডো। মঙ্গলবার ঘরের মাঠে ম্যান সিটিকে ৩-১ গোলে হারাল নরওয়ের ক্লাবটি। নতুন বছরের শুরুতেই পরপর দু’টি ম্যাচ হেরে চাপে পেপ ব্রিগেড। ম্যাচে বোডোর হয়ে জোড়া গোল কাসপার হগের। এছাড়া জাল কাঁপান জেন্স পিটার হজ। ম্যান সিটির একমাত্র গোলটি রায়ান চের্কির। এই হারের ফলে সরাসরি প্রি কোয়ার্টার-ফাইনালের পথ অনেকটাই কঠিন হল সিটিজেনদের। দিনের অন্য ম্যাচে হেরে মাঠ ছাড়ল গতবারের চ্যাম্পিয়ন পিএসজি। অ্যাওয়ে ম্যাচে স্পোর্টিং লিসবনের কাছে ১-২ গোলে বশ মানল লুই এনরিকে-ব্রিগেড। ম্যাচে পর্তুগিজ ক্লাবটির হয়ে জোড়া গোল কলম্বিয়ার স্ট্রাইকার লুইস সুয়ারেজের। পিএসজি’র একমাত্র গোলটি খাভিচার।