Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাঁধুনির কাছ থেকে ৮ লক্ষ টাকা প্রতারণা নিউটাউনে গ্রেপ্তার ভুয়ো ব্যাঙ্ক আধিকারিক

রাঁধুনির কাছ থেকে ৮ লক্ষ টাকা প্রতারণা নিউটাউনে গ্রেপ্তার ভুয়ো ব্যাঙ্ক আধিকারিক
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাড়ির রাঁধুনির স্বামী বিশেষভাবে সক্ষম। তাঁকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়েছিল গৃহকর্তা। দরিদ্র রাঁধুনি তা বিশ্বাসও করেছিলেন। কারণ, গৃহকর্তা নিজেকে ব্যাঙ্কের সিনিয়র আধিকারিক বলে পরিচয় দিয়েছিল। তার গাড়িতেও নাকি সরকারি স্টিকার লাগানো থাকত। তাই অনেক স্বপ্ন নিয়ে কখনও গয়না বিক্রি করে, কখনও আবার দেনা করে ৮ লক্ষ টাকা ওই গৃহকর্তাকে দিয়েছিলেন মহিলা। স্বামীর জন্য কেনা টোটোও বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু, স্বামীর চাকরি মেলেনি। টাকা ফেরত চাইতে গেলে রাঁধুনিকেই হুমকির মুখে পড়তে হয়েছিল। তখনই তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। অবশেষে থানায় অভিযোগ দায়ের হওয়ায় শনিবার অভিযুক্ত গৃহকর্তা তথা ভুয়ো ব্যাঙ্ক আধিকারিককে গ্রেপ্তার করল নিউটাউন থানার পুলিস।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সৌরভ কুমার। নিউটাউনের যাত্রাগাছি এলাকায় একটি আবাসনের ফ্ল্যাটে থাকত। তার আসল বাড়ি ঝাড়খণ্ডের বোকারো স্টিল সিটিতে। প্রতারিত রাঁধুনি ২০২২ সাল থেকে তার ফ্ল্যাটে রান্নার কাজ করছেন। সেই সুবাদে ওই রাঁধুনির একটা বিশ্বাসও তৈরি হয়েছিল। 
তিনি পুলিসকে জানিয়েছেন, কথার ফাঁকেই একবার বলেছিলেন, তাঁর স্বামী বিশেষভাবে সক্ষম। তখনই অভিযুক্ত সৌরভ তাঁকে স্বামীর জন্য চাকরির টোপ দিয়েছিল। শুধু তাই নয়, গৃহকর্তা বলেছিল, সিনিয়র আধিকারিক পদে থাকায় সে বহু মানুষের চাকরি করে দিয়েছে।
চাকরি পেতে গেলে কী করতে হবে? রাঁধুনির প্রশ্নে ধৃত সৌরভ বলেছিল, চাকরি আমিই করে দেব। তবে, কিছু প্রসেসিং ফি এবং ডকুমেন্টেশনের জন্য ৮ লক্ষ টাকা লাগবে। ধীরে ধীরে ওই টাকা দিলেই হবে। আরও কিছু টাকা লাগবে। তবে, সেই টাকা সৌরভ নিজে দিয়ে দেবে বলেছিল। রাঁধুনি সে কথায় বিশ্বাস করেছিলেন। তারপর বিভিন্ন জায়গা থেকে স্বামীর চাকরির জন্য টাকা জোগাড় শুরু করেন। নিজের যা সোনার গয়না ছিল, সব বিক্রি করে দিয়েছেন। শেষ ভরসা পরিবারের টোটোটিও বিক্রি করে দিয়েছেন। চাকরি না হওয়ায় তিনি মাস কয়েক আগেই গৃহকর্তাকে জিজ্ঞাসা করেছিলেন, কবে চাকরিটা হবে। কিন্তু সৌরভ হচ্ছে-হবে করছিল।
তারপরই ওই রাঁধুনি টাকা ফেরত চান। তখন তাঁকে লাঞ্ছনা ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শনিবার ওই রাঁধুনি নিউটাউন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস সৌরভকে গ্রেপ্তার করে। তদন্তও শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ