সংবাদদাতা, ঘাটাল: পিএইচডি করার জন্য এবার থেকে আর বিশ্ববিদ্যালয়ে যাওয়া আবশ্যক নয়। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় থেকেই বিভিন্ন বিষয়ে পিএইচডি করা যাবে। কলেজের অধ্যক্ষ মন্টুকুমার দাস বলেন, আমাদের কলেজকে রিসার্চ সেন্টারের স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে চলতি শিক্ষাবর্ষ থেকেই এই কলেজ থেকে পিএইচডি করার জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এতে আমাদের কলেজের মুকুটে নতুন পালক সংযোজন হল।
Advertisement
এই কলেজে বহুদিন ধরেই বাংলা, ইংরেজি, ইতিহাস, সংস্কৃত, দর্শন এবং গণিতে মাস্টার্স করা যাচ্ছে। এবার এখান থেকে হিউম্যানিটিজ ও সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়ে গবেষণার ছাড়পত্র দেওয়া হয়েছে। এখবর শুনে খুশি ঘাটালের বহু মানুষ। তবে এখন এই কলেজ থেকে আর্টসের সমস্ত বিষয়ে পিএইচডি করা যাবে না। কলেজে আর্টসের যে সমস্ত বিষয়ে পিএইচডি করা অধ্যাপক রয়েছেন, সেই সমস্ত বিষয়েই পিএইচডি করা যাবে।অধ্যক্ষ বলেন, এখন বাংলায় পাঁচজন, সংস্কৃতে তিনজন, শারীরশিক্ষায় দু’জন, রাষ্ট্রবিজ্ঞান, বাণিজ্য ও সমাজবিজ্ঞানে একজন করে পিএইচডি ডিগ্রি পাওয়া অধ্যাপক-অধ্যাপিকা রয়েছেন। তাঁরা রিসার্চ গাইড হতে পারবেন। তাই শুধুমাত্র বাংলা, সংস্কৃত, শারীরশিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, বাণিজ্য এবং সমাজবিজ্ঞানে পিএইচডি করা যাবে। পরবর্তী সময়ে অন্য বিষয়ে পিএইচডি করার সুযোগ মিলবে। চলতি শিক্ষাবর্ষ থেকেই উচ্চশিক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীরা পিএইচডি’র জন্য আবেদন করতে পারবেন।অধ্যক্ষের উদ্যোগে গতবছর ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়কে রিসার্চ সেন্টার করার জন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হয়। তারপর অধ্যক্ষকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি প্রেজেন্টেশন দিতে হয়েছিল। ছ’মাস আগে কলেজ পরিদর্শন হয়। চলতি সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের তরফে এই কলেজে পিএইচডি করার ছাড়পত্র দেওয়া হয়েছে।



