Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬

এবার কংগ্রেসকে শক্তিশালী করতে ফেরা উচিত পুরানো নেতাদের, বার্তা রাউতের

কংগ্রেস কোনো ‘ডুবন্ত জাহাজ’ নয়। যে সব নেতা-নেত্রী অতীতে ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’ ছেড়ে অন্য দল গড়েছেন, তাঁদের ফিরে এসে দলকে শক্তিশালী করা উচিত।

এবার কংগ্রেসকে শক্তিশালী করতে ফেরা উচিত পুরানো নেতাদের, বার্তা রাউতের
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুনে ও মুম্বই: কংগ্রেস কোনো ‘ডুবন্ত জাহাজ’ নয়। যে সব নেতা-নেত্রী অতীতে ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’ ছেড়ে অন্য দল গড়েছেন, তাঁদের ফিরে এসে দলকে শক্তিশালী করা উচিত। এখনও কংগ্রসেকে ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এমনই মন্তব্য করলেন উদ্ধবপন্থী শিবসেনার নেতা সঞ্জয় রাউত। এব্যাপারে এনসিপি (শারদ) নেতা শারদ পাওয়ারকেই উদ্যোগী হওয়ার আবেদনও করেছেন রাউত। তাঁর মতে, বিজেপির ‘নোংরা’ রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। উল্লেখ্য, একদিন আগেই কংগ্রেসকে ‘ডুবন্ত জাহাজ’ বলে কটাক্ষ করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। 

Advertisement

এদিকে, তৃণমূলের দলত্যাগী সাংসদ-বিধায়কদের ‘ভীরু’ তকমা দিলেন শিবসেনা (উদ্ধবপন্থী)-র অন্য এক নেতা আদিত্য থ্যাকারে। তিনি বলেন, যাঁরা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ‘অকৃতজ্ঞ’, তাঁরাই এখন তৃণমূল ছেড়ে যাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তৃণমূলের একাধিক নেতার ক্ষোভ প্রসঙ্গে নিজের দলের ভাঙনের প্রসঙ্গও উল্লেখ করেছেন আদিত্য। তিনি বলেন, ‘আমরা (উদ্ধব থ্যাকারের নেতৃত্বাধীন অবিভক্ত শিবসেনা) যদি ন্যায়বিচার পেতাম, তাহলে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছাত না। আমরা আশাবাদী যে, ন্যায়বিচার মিলবে। এটি একটা সাংবিধানিক বিষয়।’
মহারাষ্ট্রে দু’টুকরো শারদের এনসিপি। বাংলার ক্ষমতা হারিয়ে প্রায় একই পরিস্থিতির মুখে তৃণমূলও।  ‘দুর্দিনে’ মমতা ও শারদ ফের কংগ্রেসেই ফিরবেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা চলছে। এর আগেও তৃণমূল ও শারদের দলের কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার পক্ষে সওয়াল করেছিলেন রাউত। এদিন পুনেতে এক কর্মসূচিতে ফের কংগ্রেসকে শক্তিশালী করে তোলার আহ্বান জানানোর পাশাপাশি মোদিকেও নিশানা করেছেন রাউত। তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে এমন অঘোরী ও নিষ্ঠুর চরিত্রের ব্যক্তির আবির্ভাব আগে কখনও হয়নি। এই দেশ মহান নেতাদের জন্ম দিয়েছে। কিন্তু মোদির দিকে তাকালে ভয় হয়। উনি সেই গুজরাতের মাটিতেই জন্মেছেন, যেখানে ঔরঙ্গজেব জন্মেছিলেন। পালটা আক্রমণ শানিয়েছে বিজেপিও। দলের মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, ‘এই মন্তব্যগুলো প্রমাণ করে যে বিরোধীদের হতাশা নতুন পর্যায়ে পৌঁছেছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ