Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

‘দুয়ারে রেশন’ বন্ধের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি রেশন ডিলারদের

‘দুয়ারে রেশন’ প্রকল্পটি বন্ধ করে দেওয়া হোক। কিন্তু তার জন্য রেশন ডিলারদের যে অতিরিক্ত টাকা দেওয়া হয়, সেটা চালু থাকুক।

‘দুয়ারে রেশন’ বন্ধের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি রেশন ডিলারদের
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘দুয়ারে রেশন’ প্রকল্পটি বন্ধ করে দেওয়া হোক। কিন্তু তার জন্য রেশন ডিলারদের যে অতিরিক্ত টাকা দেওয়া হয়, সেটা চালু থাকুক। এতে রাজ্য সরকারের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না। কিন্তু ডিলারদের আর্থিক দাবি মিটবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে এই প্রস্তাব দিয়েছে রেশন ডিলারদের সংগঠন ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’। 

Advertisement

বিগত তৃণমূল কংগ্রেস সরকার ২০২১ সালে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করে। সাধারণ বন্টনের জন্য রেশন ডিলাররা প্রতি কেজিতে ১ টাকা ৫ পয়সা করে কমিশন পান। ‘দুয়ারে রেশন’ করলে অতিরিক্ত ৭৫ পয়সার পাশাপাশি মাসে আরও ৫ হাজার টাকা দেওয়া হয়। ‘দুয়ারে রেশন’ ডিলার সত্যিই করছেন কি না, প্রযুক্তির সাহায্যে নজর রাখে দপ্তর। শুরু থেকেই রেশন ডিলারদের একাংশ এই প্রকল্প চালাতে একেবারেই আগ্রহী ছিল না। ফেডারেশন হাইকোর্টে মামলাও করে। সিঙ্গল বেঞ্চ সরকারের পক্ষে রায় দিলেও ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, প্রকল্পটি আইনসম্মত নয়। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে আগের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়।  সেখানে মামলার শুনানি শেষ হলেও এখনও রায় ঘোষণা হয়নি। ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, একমাত্র পশ্চিমবঙ্গে এটা চলছে। সুপ্রিম কোর্টের ফয়সালা আসার আগেই রাজ্য চাইলে প্রকল্পটি বন্ধ করতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ