Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টাকা ছাড়াই জগন্নাথের প্রসাদ বিলির প্রস্তাব রেশন ডিলারদের

টাকা ছাড়াই জগন্নাথের প্রসাদ বিলির প্রস্তাব রেশন ডিলারদের
  • ৯ জুন, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণের কাজ বিনা পয়সায় করতে চান রেশন ডিলাররা। ডিলারদের সংগঠনের তরফে এমন প্রস্তাব রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। প্রথমে সরকারের তরফে বলা হয়েছিল, প্রসাদের প্রতি প্যাকেটের জন্য ডিলাররা ১ টাকা করে পাবেন। পুরসভা বা ব্লক এলাকার যেখানে প্রসাদের প্যাকেট তৈরি করা হবে সেখান থেকে সেগুলিকে নিয়ে এসে গ্রাহকদের বণ্টন করতে বলা হয়। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, তাঁরা প্রস্তাব দিয়েছেন, রেশন ডিলারদের কাছে প্রসাদের প্যাকেট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন। তাঁরা দুয়ারে রেশন প্রক্রিয়ায়  খাদ্যসামগ্রী দেওয়ার সময় প্রসাদের প্যাকেটও দেবেন। তার জন্য আলাদা করে কোনও অর্থ ডিলারদের দিতে হবে না। ডিলারদের সংগঠন আরও ঠিক করেছে, একটি বিশেষ রেজিস্টার থাকবে দোকানে। সেখানে কাদের প্রসাদের প্যাকেট দেওয়া হল তা নথিভুক্ত করা হবে। যেসব মানুষের রেশন কার্ড নেই বা যে গ্রাহকদের মাসের খাদ্যসামগ্রী সংগ্রহের কাজ প্রসাদ দেওয়ার আগেই হয়ে যাবে, তাঁরা কীভাবে প্রসাদ পাবেন সেই বিষয়টি প্রশাসনের তরফে জানানো হবে বলে ডিলারদের সংগঠন আশা করছে। ১৭-২৭ জুনের মধ্যে প্রসাদ বণ্টন প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত আপাতত নেওয়া হয়েছে। খুব জরুরি পরিস্থিতিতে ৪ জুলাই পর্যন্ত প্রসাদ দেওয়া যাবে। ডিলারদের বক্তব্য, বেশিরভাগ গ্রাহক মাসের প্রথমার্ধে খাদ্য সংগ্রহ করেন। তবে মাসের শুরুতে ফের দেওয়া হলে খাদ্য সংগ্রহ করে নিয়েছেন এমন গ্রাহকরা প্রসাদ পাওয়ার একটা সুযোগ পাবেন।

Advertisement

Advertisement
সম্পর্কিত সংবাদ