Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারে রাসমেলার উদ্বোধন, প্রয়াত অসমের গায়ক জুবিন গর্গের নামে মঞ্চ

কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার সাংস্কৃতিক মঞ্চের বৃহস্পতিবার উদ্বোধন হল। এবার রাসমেলা ২১৩তম বর্ষে পড়ল। সন্ধ্যায় মেলামাঠের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাসমেলার সূচনা হয়।

কোচবিহারে রাসমেলার উদ্বোধন, প্রয়াত অসমের গায়ক জুবিন গর্গের নামে মঞ্চ
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার সাংস্কৃতিক মঞ্চের বৃহস্পতিবার উদ্বোধন হল। এবার রাসমেলা ২১৩তম বর্ষে পড়ল। সন্ধ্যায় মেলামাঠের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাসমেলার সূচনা হয়। মঞ্চে সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এবারের রাসমেলার মঞ্চও প্রয়াত জুবিন গর্গের নামে করা হয়েছে।

Advertisement

মেলা মায়দানে কয়েক হাজার দোকান বসেছে। চারপাশ আলোর মালায় সেজে উঠেছে। মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন করা হয় এদিন। উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলাশাসক রাজু মিশ্র, জেলার পুলিশ সুপার সন্দীপ কাররা, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান বংশীবদন বর্মন সহ অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তি। 
এদিন কোচবিহার পুরসভার কাউন্সিলরদের সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৮ সালে জুবিন রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে গান গেয়েছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি প্রয়াত সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের পুত্র সৈকত মিত্র। তিনি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। 
এবারের রাসমেলায় অনুষ্ঠান করার জন্য কলকাতা ও মুম্বই থেকে শিল্পীরা আসবেন। রাসমেলায় ঐতিহ্যবাহী ভেটাগুড়ির জিলিপি, টমটম গাড়ি, সার্কাস, নাগরদোলনা এসেছে। প্রথম দিন থেকেই মেলা জমতে শুরু করেছে। ওদিকে, মদনমোহন মন্দিরে সারাদিন ধরেই হাজার হাজার পুণ্যার্থী আসেন। তাঁরা রাসচক্র ঘুরিয়ে মদনমোহনকে দর্শন করেন। 
এবারের রাসমেলা কত দিনের হবে তা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। পুরসভার পক্ষ থেকে মেলা ১৫ দিনের থেকে বাড়িয়ে ২০ দিন করার আবেদন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মেলা ১৫ দিন হবে বলেই জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ