সংবাদদাতা, আলিপুরদুয়ার: ১৩ বছরের এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শামুকতলা থানার পুলিশ সোমবার রাতে এক যুবককে গ্রেপ্তার করেছে। নাবালিকাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ করে ওই যুবক। ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা। অন্তসত্ত্বা অবস্থায় সোমবার হঠাৎই কিশোরী বাড়িতে জ্ঞান হারিয়ে ফেলে। ফলে নাবালিকাটিকে তড়িঘড়ি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নাবালিকা একটি মৃত সন্তান প্রসব করে। নাবালিকার শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় চিকিৎকরা বাধ্য হয়ে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে পাঠায়। রাতের দিকে শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ সিসিইউতে স্থানান্তরিত করে। জেলা হাসপাতালের সুপার ডাঃ পরিতোষ মণ্ডল বলেন, নাবালিকাটিকে একেবারে মরণাপন্ন অবস্থায় আনা হয়েছিল। সেই অবস্থাতে নাবালিকার সিজার করে একটি মৃত সন্তান বের করা হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় নাবালিকা আপাতত বিপদমুক্ত। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।



