Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফেসবুকে পরিচয়ের পর বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ

ফেসবুকে পরিচয়ের পর বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেসবুকে এক যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল তরুণীর। বন্ধুত্ব থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বেশ কয়েকবার দেখাও করেন তাঁরা। এরমধ্যেই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বারবার বলার পর বিয়েতে রাজি না হওয়ায় তরুণী ওই যুবকের বিরুদ্ধে সার্ভে পার্ক মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর অভিযুক্ত রাহুল বসুকে সোমবার রাতে পঞ্চসায়র এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিস।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই রাহুল ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বন্ধুত্বের অনুরোধ পাঠান তরুণীকে। তরুণী তাতে সাড়া দেন। প্রথমদিকে ফেসবুকে মেসেজ আদানপ্রদান চলত। আলাপ জমে ওঠার পর তরুণীর ফোন নম্বর নেয় রাহুল। লিখিত অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, আমাদের মধ্যে অনেক রাত পর্যন্ত কথাবার্তা হতো। এমনকী ভিডিও কলও হয়েছে। বন্ধুত্ব জমে ওঠার পর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। রাহুল ওই জানায়, ওর বড় ব্যবসা রয়েছে। যে কারণে বিভিন্ন সময় বাইরে থাকতে হয়। এমনকী মাঝেমধ্যে বিদেশেও যায়। দু’জনে বিভিন্ন জায়গায় বেড়াতেও গিয়েছেন। তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়। এ নিয়ে পরিবারে কথাও হয়। তরুণীর দাবি, সম্পর্ক এক মাস গড়াতে না গড়াতেই তাঁকে পঞ্চসায়র এলাকার একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক গড়তে বাধ্য করে সে। তবে জানুয়ারি মাস থেকে যোগাযোগ কমিয়ে দেয়। তিনি বিয়ের কথা বললে এড়িয়ে যায়। চলতি মাসে সে জানিয়ে দেয়, তাঁকে বিয়ে করবেন না। এরপরই ভেঙে পড়েন তরুণী। তিনি অভিযুক্ত রাহুলের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করলে পুলিস মোবাইলের সূত্র ধরে জানতে পারে, সে পঞ্চসায়র এলাকার বাসিন্দা। সোমবার রাতে তল্লাশি চালিয়ে তাকে বাড়ি থেকে পাকড়াও করা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ