আদালতে ভর্ৎসনার মুখে পড়লেন অভিনেতা রণবীর সিং। গত নভেম্বরে গোয়ায় আয়োজিত ইফির মঞ্চে ‘কান্তারা: চ্যাপ্টার ১’ ছবির একটি দৃশ্য নিয়ে ব্যঙ্গ করেন অভিনেতা। ঋষভ শেট্টি অভিনীত দৈব নৃত্যকে ‘ভূত’ বলে কটাক্ষও করেছিলেন তিনি। সেই বিতর্কিত মন্তব্যের জেরে সমস্যায় পড়তে হয় রণবীরকে। তাঁর বিরুদ্ধে কর্ণাটকের টুলু সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ করে। এফআইআরও দায়ের হয়েছিল অভিনেতার বিরুদ্ধে। সোমবার এই ইস্যুতে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রণবীর। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদনও জানান অভিনেতা। তবে তা শোনেনি আদালত। মঙ্গলবার শুনানি হয় মামলার। সেখানেই তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল রণবীরকে। বিচারপতি এম নাগাপ্রসন্নর পর্যবেক্ষণ, ‘একজন অভিনেতা হিসেবে আপনার অনেক মানুষের উপর প্রভাব রয়েছে। তবে আপনি রণবীর সিং হতে পারেন, বা অন্য যে কেউ— কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অধিকার আপনার নেই। মুখে লাগাম রাখা উচিত। বক্তব্যের ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে।’ যদিও রণবীরকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন বিচারপতি। তিনি বলেছেন, অভিনেতা যদি মামলায় সহযোগিতা করেন, সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না পুলিশ।



