• ক্ষমা চেয়ে ‘ড্যামেজ কন্ট্রোল’ করলেন অভিনেতা রণবীর সিং। সম্প্রতি গোয়ায় আয়োজিত ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঋষভ শেট্টি অভিনীত ‘কান্তারা: চ্যাপ্টার ১’ নিয়ে মশকরা করেন অভিনেতা। লৌকিক দেবীকে ‘মহিলা ভূত’ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি নানা অঙ্গভঙ্গিও করেন। ঋষভের বারণ সত্ত্বেও রণবীর মঞ্চে এহেন কাণ্ড করায় বিতর্ক দানা বেঁধেছে। কর্ণাটকের টুলু সম্প্রদায়ের লোককথা, দেব-দেবীকে নিয়ে এমন ‘মজা’ করায় নিন্দিত হয়েছেন অভিনেতা। গত কয়েকদিন সমাজমাধ্যমে সমালোচিত হয়েছেন তিনি। সম্প্রতি একজন রণবীরের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন। এর জেরে মঙ্গলবার ক্ষমা চাইতে বাধ্য হলেন নায়ক।
সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লিখলেন, ‘ঋষভের অসাধারণ পারফরম্যান্সের কথা তুলে ধরতে চেয়েছিলাম। একজন অভিনেতা হিসেবে আমি জানি, এই ধরনের দৃশ্যে অভিনয় করতে কতখানি পরিশ্রম করতে হয়। তাই ওঁকে শ্রদ্ধা করি। আমি বরাবর দেশের প্রতিটি সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসকে সম্মান করি। কিন্তু আমার আচরণে যদি কারও ভাবাবেগে আঘাত লাগে, তাহলে মন থেকে ক্ষমা চাইছি।’ উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রণবীর অভিনীত ‘ধুরন্ধর’। সম্প্রতি সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এর মাঝে ‘কান্তারা’কে ব্যঙ্গ করে বিপাকে ছবির মুখ্য অভিনেতা। এই বিতর্কের রেশ কতদূর গড়ায় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।