অক্ষয় কুমারের ‘ওএমজি’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার কথা ছিল অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের। জানা গিয়েছিল, এবার ছবির নাম হবে ‘ওহ মাই গডেস’। অর্থাৎ একজন দেবীকে কেন্দ্র করে এগবে গল্প। সেখানে ক্যামিও করবেন অক্ষয়। তবে শ্যুটিং শুরুর আগেই বড়ো পরিবর্তন। শোনা যাচ্ছে, ছবিটি ছেড়ে দিলেন রানি। কেন? পরিচালক অমিত রাইয়ের সঙ্গে সৃজনশীল মতপার্থক্যের কারণেই নাকি এই সিদ্ধান্ত অভিনেত্রীর। উল্লেখ্য, ‘মর্দানি ৩’ মুক্তির পর রানিকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে ‘অভিনয়ের দেবী’ বলে সম্বোধন করেছিলেন অক্ষয়। সেখান থেকেই সকলে ধরে নিয়েছিলেন রানি যোগ দিচ্ছেন ‘ওএমজি’ ফ্র্যাঞ্চাইজিতে। তবে তা আর হচ্ছে না বলেই গুঞ্জন ইন্ডাস্ট্রি অন্দরে। সূত্রের খবর, চিত্রনাট্য ও প্রি প্রোডাকশনের কাজ চলাকালীন নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বেশ কিছু পরিবর্তনের কথা জানান রানি। তবে অমিত নিজ সিদ্ধান্তে অনড় ছিলেন। পরিস্থিতি সামাল দিতে নাকি অক্ষয় নিজে আসরে নেমেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। ছবিটি ছেড়ে দিলেন রানি। ইন্ডাস্ট্রির অন্য কোনো সিনিয়র অভিনেত্রীকে কাস্ট করা হবে রানির পরিবর্তে। এবার মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন, তা দেখার অপেক্ষায় সকলে।



