• ছবি মুক্তির আগে মোটা অঙ্কের পারিশ্রমিক নেওয়াই অভিনেতাদের দস্তুর। তবে সেই পথে আর হাঁটছেন না অভিনেতা অক্ষয় কুমার। তিনি কৌশল পরিবর্তন করেছেন। এখন থেকে লভ্যাংশের শতাংশ নিতে চান নায়ক। মুক্তির অপেক্ষায় অক্ষয় অভিনীত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির জন্য মাত্র ১ কোটি ৮ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা। শোনা যাচ্ছে, ছবি থেকে প্রযোজক যা লভ্যাংশ পাবেন, তার কিছু শতাংশও নেবেন অক্ষয়। কেন এই সিদ্ধান্ত? এর নেপথ্যে একটি অন্য অঙ্ক রয়েছে। আসলে এক্ষেত্রে ছবিটি যদি বক্স অফিসে ধরাশায়ী হয়, সেক্ষেত্রে প্রযোজকের ক্ষতি অনেকাংশে এড়ানো যায়। আর যদি লাভের মুখ দেখে, তাহলে অগ্রিম পারিশ্রমিকের থেকেও বেশি আয় করা সম্ভব। সেই ঝুঁকি নিয়েই এবার এমন ‘ধুরন্ধর’ কৌশল নিয়েছেন অক্ষয়।



