নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার শহরের হৃৎপিণ্ড ধর্মতলা উত্তাল হয়েছিল নিট ইস্যুর প্রতিবাদে। নিট পরীক্ষার্থী ও ককরোচ জনতা পার্টির ওই মিছিলে ছদ্মবেশে ঢুকে তাণ্ডব চালায় বহিরাগতরা। সেই ঘটনার পুনর্নির্মাণে এদিন অভিযুক্তদের ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে হাজির করানো হয়। কোন দিক থেকে তারা মিছিলে প্রবেশ করে? কীভাবে বিক্ষোভ বানচাল করার পরিকল্পনা ছিল? গার্ডরেল সরানোর জন্য কী পরিকল্পনা ছিল? ঘটনাস্থলে পাঁচজন অভিযুক্তকে এনে সব নিয়েই জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
লালবাজার জানিয়েছে, রবিবার রাত পর্যন্ত নিট প্রতিবাদ মিছিলে তাণ্ডবের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা। সোমবার এই কাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ধৃতদের নাম—ওয়াকার আজম (৩৫) ও মহম্মদ জাভেদ আখতার (৩২)। তাঁরা যথাক্রমে কড়েয়া ও নাদিয়াল থানা এলাকার বাসিন্দা। তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আগে গ্রেপ্তার হওয়া ১৪ জনের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশের দাবি, বহিরাগতরা সংঘবদ্ধ হয়ে উসকানি দিতে মিছিলে প্রবেশ করে। এই উসকানির নেপথ্যে অন্যতম অভিযুক্ত মেটিয়াবুরুজের মহম্মদ আফরোজ। এদিন আফরোজ-সহ মোট পাঁচজন ধৃতকে খালি পায়ে ধর্মতলা চত্বরে আনা হয়। হেয়ার স্ট্রিট থানার অফিসাররা ছিলেন তাঁর সঙ্গে। বেশ কয়েকটি জায়গা দেখান অভিযুক্ত। সেই জায়গাগুলি নথিবদ্ধ করেন তদন্তকারীরা। মূল মিছিল শুরু আগেই সেখানেই ছোটো ছোটো কয়েকটি দলে জমায়েত হয় তাণ্ডবকারীরা। ধৃতদের দেখে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে। দুপুর সাড়ে ১২টা নাগাদ পাঁচজনকে নিয়ে পুনর্নির্মাণের কাজ শুরু হয়। সাংবাদিক নিগ্রহের সময়ের ভাইরাল ভিডিয়োতে তাঁদের দেখা যাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলেও অভিযুক্তরা কোনও উত্তর দেননি।
পুনর্নির্মাণ প্রক্রিয়া শেষ হওয়ার পরই সাংবাদিক হেনস্তার ঘটনায় রাস্তায় নামেন সাংবাদিকরা। কলকাতা প্রেস ক্লাব থেকে মিছিল করে ডোরিনা ক্রসিংয়ে এসে পৌঁছায় সেই মিছিল। মানববন্ধন করে ধর্মতলা মোড় অবরুদ্ধ করে অবস্থান বিক্ষোভ চলে। সাংবাদিকদের দাবি, কর্মক্ষেত্রে সুরক্ষা দিতে হবে সরকারকে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের এই মৌলিক অধিকারের স্বার্থে যোগ দেন ৯০ বছর বয়স্ক এক প্রবীণ চিত্র সাংবাদিকও। বিক্ষোভ প্রদর্শনের জেরে প্রায় ১৫ মিনিট অবরুদ্ধ থাকে ধর্মতলা মোড়। পরে নিগৃহীত সাংবাদিকরা রাজভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন।
অন্যদিকে, নিট বিক্ষোভ ইস্যুতে প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিকর পোস্টের জন্য এক যুবককে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দীপঙ্কর মণ্ডল (২৪)। পাশাপাশি, একই অভিযোগে রবিবারের পর সোমবারও অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় লিখিত অভিযোগ হয়েছে। বনগাঁ সাইবার থানা এবং জগৎবল্লভপুর, টিটাগড়, হালিশহর ও নৈহাটি থানায় মোট পাঁচটি পৃথক মামলা হয় তাঁর নামে।