Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আরও ৩ সপ্তাহ রাতে বন্ধ থাকবে রামকৃষ্ণ সেতু, ভোগান্তির আশঙ্কা

আরামবাগের রামকৃষ্ণ সেতু সংস্কারের কাজ বাকি। সেকারণে সেতু বন্ধ রাখার সময়সীমা আরও বাড়াল পূর্তদপ্তর। আগামী ১৮সেপ্টেম্বর পর্যন্ত রাতে বন্ধ থাকবে এই ব্রিজ।

আরও ৩ সপ্তাহ রাতে বন্ধ থাকবে রামকৃষ্ণ সেতু, ভোগান্তির আশঙ্কা
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগের রামকৃষ্ণ সেতু সংস্কারের কাজ বাকি। সেকারণে সেতু বন্ধ রাখার সময়সীমা আরও বাড়াল পূর্তদপ্তর। আগামী ১৮সেপ্টেম্বর পর্যন্ত রাতে বন্ধ থাকবে এই ব্রিজ। তার জেরে পুজোর মুখে আরামবাগ সহ পার্শ্ববর্তী জেলার বাসিন্দাদের ব্যাপক ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সেতু বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় আরও তিন সপ্তাহ রাতে বন্ধ থাকবে রামকৃষ্ণ সেতু। রাতে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও রোগীদের গাড়ি সেতুতে চলাচলে ছাড়পত্র দেওয়া হচ্ছে। 

Advertisement

পূর্তদপ্তরের হুগলি জেলার নির্বাহী বাস্তুকার জ্যোতিপ্রকাশ ধর বলেন, রামকৃষ্ণ সেতুতে কাজের অগ্রগতি হচ্ছে। কিন্তু সেতুতে যানবাহনের অত্যধিক চাপ থাকায় দিনেরবেলা কাজ করা সম্ভব নয়। তাই রাতেই অতিরিক্ত সময় নিয়ে সেতুর কাজ করা হবে। গার্ডওয়াল ভাঙার কাজ যথেষ্ট ঝুঁকিপূর্ণ। বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থেই সেতুতে যান চলাচল বন্ধ রেখে তার কাজ করা হবে। আশা করা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ অনেকটাই এগবে। 
মাসখানেক পরই দুর্গাপুজো। তার আগে সেতু বন্ধের জেরে অনেকই অসুবিধার সম্মুখীন হবেন। তারসঙ্গে ব্যবসাতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পূর্তদপ্তরের দাবি, একাধিক অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে সেতুর কাজ হবে। সেতুর উপর জায়গায় জায়গায় গার্ডওয়াল ভেঙে সরিয়ে দেওয়া হবে। সেতুর উপর ভার কমাতেই এই পদক্ষেপ হবে। সেই জায়গায় রেলিং দিয়ে ঘিরে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। 

সম্পর্কিত সংবাদ