নয়াদিল্লি: অযোধ্যার রামমন্দিরে চাঁদা চুরি মামলায় ফের মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস। হাত শিবিরের প্রশ্ন, রাঘববোয়ালদের বিরুদ্ধে কবে তদন্ত হবে? মূল অভিযুক্তদের বদলে কেন শুধু বেছে বেছে প্রত্যক্ষদর্শীদের ধরা হয়েছে? বিরোধীদের অভিযোগ, মন্দির ইস্যুতে সব সময় কৃতিত্ব দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, রামমন্দিরের চাঁদা চুরি ইস্যুতে তিনি কোনো দায়িত্ব নিতে চাইছেন না।
এই নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর কথায়, চাঁদা চুরি মানুষের আস্থা-বিশ্বাসের সঙ্গে প্রতারণা। আমরা প্রথম দিন থেকেই বলছি, বিজেপি সরকার বড়ো বড়ো চোরদের বাঁচাতে চাইছে। রামমন্দিরে চাঁদা চুরির ক্ষেত্রে আট অভিযুক্তের বিরুদ্ধে তৃতীয়বারও চার্জ গঠন করা যায়নি। রমেশ আরও বলেন, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়েছিলেন অভিযুক্তরা। কিন্তু, মন্দিরের অনুদান গোনা সংক্রান্ত ভিডিয়ো ফুটেজ ও অডিয়ো জমা দিতে পারেননি তদন্তকারীরা। এই প্রসঙ্গ টেনে রমেশের প্রশ্ন, সম্পূর্ণ ভিডিয়ো প্রকাশ পেলে কোন গোপন বিষয় প্রকাশ্যে চলে আসবে? আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ ও পদ্মনেতাদের বাঁচানোর চেষ্টা করছে বিজেপি সরকার। আমরা জানতে চাই, চম্পত রাই, অনিল মিশ্রের মতো ট্রাস্ট্রের সদস্যদের অভিযুক্তের তালিকায় না রেখে কেন সাক্ষী হিসাবে দেখানো হচ্ছে? চাঁদা চুরি কাণ্ডের প্রকৃত তথ্য অনুসন্ধানে সুপ্রিম কোর্টের নজরদারিতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।



