নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আয় বাড়ল রাজপুর সোনারপুর পুরসভার। ২০২৪-’২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের শেষে যে হিসেব পাওয়া গিয়েছে, তাতে আয় হয়েছে ৩১ কোটি ৩০ লক্ষ টাকা। শেষ ত্রৈমাসিকে আরও আট কোটি টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা। সব ঠিক থাকলে চলতি অর্থবর্ষের শেষে রাজপুর সোনারপুর পুরসভার আয় ৪০ কোটি টাকা ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত অর্থবর্ষে অর্থাৎ ২০২৩-’২৪ সালে পুরসভার আয় হয়েছিল ৩২ কোটি ৮৪ লক্ষ ৯৭ হাজার টাকা। সম্প্রতি পুরসভার বোর্ড মিটিংয়ে বাজেট পেশ করার সময় এই তথ্য উঠে এসেছে।
আয় বাড়ল কোন খাতে? জানা গিয়েছে, চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিক পর্যন্ত সব থেকে বেশি রাজস্ব আদায় হয়েছে সম্পত্তি কর থেকে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত জমা পড়েছে ১৪ কোটি ৭০ লক্ষ টাকা। এছাড়াও মিউটেশন ও বিল্ডিং প্ল্যান থেকে যথাক্রমে প্রায় ১২ কোটি এবং ৯২ লক্ষ টাকা আদায় হয়েছে।
চেয়ারম্যান পল্লব দাস বলেন, পুরসভার নিজস্ব আয় বৃদ্ধি করাই লক্ষ্য ছিল আমাদের। সেটা কিছুটা হয়েছে। আগামী অর্থবর্ষে যাতে আয় আরও বাড়ানো যায়, সেই পরিকল্পনা করা হবে। এদিকে, নতুন অর্থবর্ষে পুরসভা বেশ কিছু ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিচ্ছে। সূত্রের খবর,পুর বাজেটে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, বিদ্যুতের খুঁটি বসানো ও স্থানান্তরকরণ, শিশুদের জন্য খেলার পার্ক ও তার রক্ষণাবেক্ষণ এবং কঠিন বর্জ্য নিষ্কাশন কেন্দ্র তৈরির খাতে বাড়তি অর্থ খরচ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।