সংবাদদাতা, পুরুলিয়া: রাজধানী এক্সপ্রেসও এবার দাঁড়াবে পুরুলিয়া স্টেশনে। হুড়ার রেললাইনের অনুমোদনের পর আরও চমক বিজেপির। ভোটের আগে রেলকে সামনে রেখে মানুষের মন পেতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার পুরুলিয়ার বিজেপি এমপি জ্যোতির্ময় সিং মাহাত ফের একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে রাজধানী এক্সপ্রেসের নতুন স্টপেজের কথা জানান। তবে করোনার সময় বাতিল করা ট্রেন চালু না করে ভোটের আগে এই ঘোষণা বিজেপির জুমলা বলেই মনে করছে তৃণমূল, সিপিএম নেতৃত্ব। তাঁরা প্রশ্ন তুলেছে, ভোটের মুখে এই সব ঘোষণা হচ্ছে কেন?বৃহস্পতিবার রেলমন্ত্রীর একটি চিঠি প্রকাশ করেন পুরুলিয়ার বিজেপি এমপি। সেই সঙ্গে তিনি দাবি করেন, রাজধানী এক্সপ্রেস এবার থেকে পুরুলিয়া স্টেশনেও দাঁড়াবে। ভুবনেশ্বর নয়াদিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস পুরুলিয়া স্টেশনে দাঁড়াবে। এছাড়াও টাটানগর বিলাসপুর এক্সপ্রেস আনাড়া স্টেশনে এবং রাঁচি-গোদা এক্সপ্রেস ঝালদা স্টেশনে দাঁড়াবে। এবিষয়ে বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শংকর মাহাত বলেন, এমপি জ্যোতির্ময় সিং মাহাত বারবার এবিষয়ে রেলমন্ত্রকে দাবি জানিয়েছিলেন। পুরুলিয়ার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হল। এটা পুরুলিয়া জেলার জন্য বড় সুখবর। অনুমোদন পাওয়া গিয়েছে। এবার খুব দ্রুত ওই ট্রেনগুলি নির্দিষ্ট স্টেশনগুলিতে দাঁড়াবে।



