নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাল দিল্লির যন্তর মন্তরে ফের বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচরা। তাই দিল্লিতে ব্যাপক যানজটের আশঙ্কায় বেনজির সিদ্ধান্ত নিল রেল। আজ শুক্রবার রাতে হাওড়া ও শিয়ালদহ থেকে নয়াদিল্লিগামী দু’টি রাজধানী এক্সপ্রেস বাতিল করল পূর্ব রেল। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পাশাপাশি, দিল্লিগামী আরও কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১০ অক্টোবর নয়াদিল্লি রেলস্টেশন এবং হজরত নিজামুদ্দিন রেলস্টেশন সংলগ্ন এলাকায় তীব্র যানজট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করেই এই পদক্ষেপ করা হয়েছে। তবে রাজধানীর মতো গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের যাত্রাপরিকল্পনায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ডিআরএম শিয়ালদাহ এর ফেসবুক পেজে জানানো হয়েছে, আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলস্টেশন সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটের আশঙ্কার কারণে ৯ অক্টোবর ২০২৬ তারিখে নির্ধারিত ট্রেন নম্বর ১২৩১৩ শিয়ালদহ–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পাশাপাশি ১২৩০১ হাওড়া-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।



