Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ নজরে স্যামসন-জাদেজা দ্বৈরথ, ধোনিহীন চেন্নাই সুপার কিংসের সামনে রাজস্থান রয়্যালস

মহেন্দ্র সিং ধোনি যদি খেলতেন, তাহলে চেন্নাই-রাজস্থানের লড়াইয়ে তিনিই থাকতেন আকর্ষণের কেন্দ্রে। কিন্তু সিএসকে জানিয়ে দিয়েছে, মাহির মাঠে নামতে সপ্তাহ দু’য়েক সময় লাগবে।

আজ নজরে স্যামসন-জাদেজা দ্বৈরথ, ধোনিহীন চেন্নাই সুপার কিংসের সামনে রাজস্থান রয়্যালস
  • ৩০ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

গুয়াহাটি: মহেন্দ্র সিং ধোনি যদি খেলতেন, তাহলে চেন্নাই-রাজস্থানের লড়াইয়ে তিনিই থাকতেন আকর্ষণের কেন্দ্রে। কিন্তু সিএসকে জানিয়ে দিয়েছে, মাহির মাঠে নামতে সপ্তাহ দু’য়েক সময় লাগবে। ফলে সোমবার বর্ষাপাড়া স্টেডিয়ামে ধোনির অবর্তমানে সবচেয়ে বেশি চর্চা সঞ্জু স্যামসন ও রবীন্দ্র জাদেজাকে ঘিরে। আসলে তাঁদের মধ্যে ঘটেছে দলের অদলবদল। সঞ্জু খেলতেন রাজস্থান রয়্যালসে। নেতৃত্বও দিয়েছেন দীর্ঘদিন। এবার নামবেন হলুদ জার্সি পরে। তাঁর নতুন ঠিকানা চেন্নাই সুপার কিংস। আর রবীন্দ্র জাদেজার পরনে দেখা যাবে রাজস্থানের গোলাপি জার্সি। একটা সময় তাঁকে মনে করা হত সিএসকে’র সেকেন্ড ইন কমান্ড। ধোনির পর জাড্ডুকে অধিনায়ক হিসেবেও ভাবা হয়েছিল। কিন্তু সেটা হয়নি। শেষ পর্যন্ত চেন্নাই ছেড়ে রাজস্থানে যোগ দিয়েছেন তিনি। তাই দুই তারকার নতুন পথ চলা কেমন হয়, সেটাই দেখার। তবে উভয় শিবিরকেই চিন্তায় রাখছে বৃষ্টি।

Advertisement

পরিসংখ্যান বলছে, চেন্নাই ও রাজস্থান এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে ৩২ বার। দুই দলই ১৬ বার করে জিতেছে। সোমবার তাই একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই। চেন্নাই আইপিএলের অন্যতম সফল দল। পাঁচবার খেতাব জিতেছে হলুদ জার্সিধারীরা। সেখানে অনেক পিছিয়ে রাজস্থান। ২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে খেতাব জয়ই তাদের একমাত্র সাফল্য। বাকিটা শুধুই হতাশার। তবে এবার রাজস্থান দলে ভারসাম্য দারুণ। ব্যাটিং খুবই শক্তিশালী। শুরুতে বৈভব সূর্যবংশীর মতো মারকুটে তরুণ ক্রিকেটার রয়েছে। গত আইপিএলে সাড়া ফেলেছিল ১৫ বছরের ওপেনার। ইনিংসের শুরুতে তার সঙ্গী হতে পারেন যশস্বী জয়সওয়াল। আন্তর্জাতিক ক্রিকেটে কিছুটা কোণঠাসা হয়ে পড়া যশস্বী কোটিপতি লিগে ভালো খেলে ফোকাসে আসতে চাইবেন। তিনে নামতে পারেন রিয়ান পরাগ। এবার অধিনায়ক হিসেবে তাঁর কাঁধে বাড়তি দায়িত্ব। শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল রয়েছেন মিডল অর্ডারে। রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডারের আগমনে শক্তিশালী হয়েছে দল। পেস আক্রমণে জোফ্রা আর্চার, দাসুন শানাকা, সন্দীপ শর্মা রাজস্থানের বড় ভরসা। স্পিনার রবি বিষ্ণোইও চমক দিতে পারেন।
চেন্নাই সুপার কিংস গত আইপিএলে চরম হতাশ করেছিল। সেই অধ্যায় ভুলে ঋতুরাজের নেতৃত্বে এবার ঘুরে দাঁড়াতে চায় তারা। সঞ্জু স্যামসন আসায় শক্তিশালী হয়েছে ব্যাটিং। ঋতুরাজের সঙ্গে তিনি ওপেন করবেন। তবে শেষ মুহূর্তে ব্রেভিসের চোট পাওয়া চেন্নাইকে আরও বিপাকে ফেলেছে। ফলে আয়ূষ মাত্রে, শিবম দুবের উপর আরও বেশি ভরসা করতে হবে কোচ ফ্লেমিংকে। পেস আক্রমণে খলিল আহমেদ ও জেমি ওভারটন বড় ভরসা। স্পিনার রাহুল চাহারের সঙ্গে খেলতে পারেন নুর আহমেদ। 

সম্পর্কিত সংবাদ