Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পাঞ্জাবের অপরাজিত দৌড় থামাল রাজস্থান

চলতি আসরে প্রথম হার! পাঞ্জাব কিংসের অপরাজিত দৌড় থামাল রাজস্থান রয়্যালস। মঙ্গলবার নিউ চণ্ডীগড়ে শ্রেয়স আয়ার ব্রিগেডকে ৬ উইকেটে হারিয়েছেন যশস্বীরা।

পাঞ্জাবের অপরাজিত দৌড় থামাল রাজস্থান
  • ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ চণ্ডীগড়: চলতি আসরে প্রথম হার! পাঞ্জাব কিংসের অপরাজিত দৌড় থামাল রাজস্থান রয়্যালস। মঙ্গলবার নিউ চণ্ডীগড়ে শ্রেয়স আয়ার ব্রিগেডকে ৬ উইকেটে হারিয়েছেন যশস্বীরা। টস হেরে প্রথমে ব্যাট করে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি তোলে ৪ উইকেটে ২২২। জবাবে ৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় রাজস্থান (২২৮/৪)। জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এল তারা (৯ ম্যাচে ১২ পয়েন্ট)। অবশ্য হারের পরও শীর্ষস্থান ধরে রেখেছে পাঞ্জাব (৮ ম্যাচে ১৩ পয়েন্ট)। 

Advertisement

প্রশংসা করতে হবে ম্যাচের সেরা ডোনোভান ফেরেইরা (অপরাজিত ৫২) ও শুভম দুবের (অপরাজিত ৩১)। পঞ্চম উইকেটে তাঁদের ৭৭ রানের পার্টনারশিপই পাঞ্জাবের মুখের গ্রাস কেড়ে নিল। জয়ের জন্য একটা সময় ৩৬ বলে রাজস্থানের দরকার ছিল ৭২ রান। সেখান থেকে চার বল বাকি থাকতে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান ফেরেইরা। কৃতিত্ব প্রাপ্য যশস্বী (২৭ বলে ৫১) ও  বৈভবেরও (১৬ বলে ৪৩)। ইনিংসের শুরুতে তাঁরাই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। 
তার আগে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাবের শুরুটাও মন্দ হয়নি। বাঁহাতি ওপেনার প্রিয়াংশ ২৯ রান করে আউট হলেও প্রভসিমরন সিং (৫৯) থামেননি। ক্যাপ্টেন শ্রেয়সের সংগ্রহ ৩০। তবে স্টোইনিস অন্য পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন। ২২ বলে তাঁর অপরাজিত ৬২ রানের সুবাদেই দুশোর গণ্ডি টপকায় পাঞ্জাব।
এদিকে, রাজস্থান জিতলেও ক্যাপ্টেন রিয়ান পরাগকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। এদিন ম্যাচ চলাকালীন ড্রেসিং-রুমে ই-সিগারেট ধূমপান করতে দেখা যায় তাঁকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কড়া শাস্তির মুখে পড়তে পারেন পরাগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ