নতুন প্রতিভা অন্বেষণের উদ্দেশ্যে সম্প্রতি আহিরী স্কুল অব পারফর্মিং আর্টস সেন্টার সারা বাংলা নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে বেহালায়। ভরতনাট্যম, কত্থক, ওড়িশি, রবীন্দ্র ও সৃজনশীল নৃত্য বিভাগে ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে সেরা পুরস্কারের জন্য নির্বাচিত হন ন’জন প্রতিযোগী। এই উপলক্ষে রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়। ‘বরষা রস সুধা’ শীর্ষক সেই অনুষ্ঠানে একক শিল্পীদের নিবেদন ছিল নজরকাড়া। কলকাতা ও জেলা থেকে বাছাই ১৬টি নৃত্যদল এই উৎসবে পারফর্ম করে। সৌমিত মণ্ডল স্মৃতি পুরস্কার দেওয়া হয় চিত্রনাট্যে স্বর্ণাভ মিশ্র, ফটোগ্রাফিতে কুশল ভট্টাচার্য ও তালবাদ্যে আকাশনীল নন্দীকে। ‘আলোর পাখি’ সংস্থার উপস্থাপনায় রবীন্দ্র নৃত্যনাট্য ‘তাসের দেশ’ ভালো লাগে।



