Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

রংধনু বাদ, স্কুল পাঠ্যে ফিরছে ‘আদি’ রামধনু, আরবি শব্দের ব্যবহার কমাতে সচেষ্ট রাজ্য

রাজ্যের স্কুল পাঠ্যে এবার আমূল পরিবর্তনের পথে হাঁটছে বিজেপি সরকার। আর এক্ষেত্রে সর্বাগ্রে জোর দেওয়া হচ্ছে স্কুলের উচ্চ শিক্ষায় সুনির্দিষ্ট শব্দ ব্যবহারের উপর।

রংধনু বাদ, স্কুল পাঠ্যে ফিরছে ‘আদি’ রামধনু, আরবি শব্দের ব্যবহার কমাতে সচেষ্ট রাজ্য
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যের স্কুল পাঠ্যে এবার আমূল পরিবর্তনের পথে হাঁটছে বিজেপি সরকার। আর এক্ষেত্রে সর্বাগ্রে জোর দেওয়া হচ্ছে স্কুলের উচ্চ শিক্ষায় সুনির্দিষ্ট শব্দ ব্যবহারের উপর। জানা গিয়েছে, আর ‘রংধনু’ নয়। নতুন এবং পরিবর্তিত ব্যবস্থায় স্কুল পাঠ্যে স্থান পাবে আদি ও অকৃত্রিম ‘রামধনু’ শব্দই। শুধুমাত্র রংধনু থেকে রামধনুতে পরিবর্তনই নয়। রাজ্যের স্কুল পাঠ্য বইয়ে বিভিন্ন আরবি শব্দের বহু ব্যবহারেও রাশ টানার চিন্তাভাবনা শুরু করেছে বিজেপি সরকার। শনিবার দিল্লিতে দলের এক শীর্ষ সূত্রে এখবর জানানো হয়েছে। 

Advertisement

২০১৭ সালে রাজ্যের তদানীন্তন তৃণমূল কংগ্রেস সরকার সিদ্ধান্ত নিয়েছিল, স্কুল পাঠ্যে আর ‘রামধনু’ শব্দের ব্যবহার হবে না। রাজ্যের তৎকালীন শাসক দলের একটি বড়ো অংশের যুক্তি ছিল, রামধনু শব্দের মধ্যে ‘রাম’ শব্দটি রয়েছে। তা ব্যবহারে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে! পরিবর্তে ‘রংধনু’ শব্দের ব্যবহারই শ্রেয়। প্রধানত এহেন ব্যাখ্যা দিয়ে স্কুল পাঠ্য থেকে একটি আভিধানিক শব্দই বেমালুম বাদ দিয়ে দেয় রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার। এখানেই শেষ নয়। রামধনুর রঙের বর্ণনা দিতে গিয়ে স্কুলের পাঠ্য বইয়ে ‘আকাশি’র পরিবর্তে ‘আসমানি’ রংয়ের উল্লেখ করা হয়। সামগ্রিক বিষয়েই সেইসময় চরম বিতর্ক তৈরি হয়। কীভাবে স্কুল শিক্ষায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব, তা নিয়ে চর্চা একেবারে তুঙ্গে ওঠে। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। গত ৯ মে রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক মহলের আলোচনা অনুযায়ী জানা যাচ্ছে, রাজ্যের স্কুল পাঠ্য বইয়ে আবারও যথাযথ আভিধানিক শব্দই ব্যবহার করবে বিজেপি সরকার। 
এদিন দিল্লিতে রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা দাবি করেছেন, ‘অযথা আরবি শব্দের ব্যবহার যেমন হবে না। তেমনই জবরদস্তি রামধনুকে রংধনুতেও পরিবর্তন বাংলার সরকার হতে দেবে না। স্কুলের ছেলেমেয়েরা সঠিক শব্দটিই জানবে। শিক্ষায় কোনো ধর্মের রং লাগতে দেওয়া হবে না।’ ওই নেতার দাবি, রাজ্যের স্কুল পাঠ্যের বহু অংশে এখনও ‘সাবেক’, ‘পানি’, ‘গোসল’-এর মতো একাধিক শব্দের ব্যবহার করা হয়। স্কুলের পাঠ্য বই প্রকাশের সময় এবার থেকে এহেন শব্দ ব্যবহারেও সতর্ক থাকবে বিজেপি সরকার। অন্যদিকে, রাজ্যে কেন্দ্রীয় সরকারি কর্মসূচি পিএম বিশ্বকর্মা চালুর ব্যাপারেও পদক্ষেপ নিয়েছে বাংলার সরকার। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয়ভাবে তা চালু হলেও বাংলায় কার্যকর হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ