Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সিকিমে বৃষ্টি, ধস অব্যাহত, দার্জিলিংয়ে টয়ট্রেন বন্ধ

বৃষ্টি, ধস অব্যাহত। শুক্রবার ফের ১০ নম্বর জাতীয় সড়কের বরদাং এলাকা সহ বহু রাস্তা বন্ধ সিকিমে। কোথাও রাস্তা বিপজ্জনক।

সিকিমে বৃষ্টি, ধস অব্যাহত, দার্জিলিংয়ে টয়ট্রেন বন্ধ
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বৃষ্টি, ধস অব্যাহত। শুক্রবার ফের ১০ নম্বর জাতীয় সড়কের বরদাং এলাকা সহ বহু রাস্তা বন্ধ সিকিমে। কোথাও রাস্তা বিপজ্জনক। পাহাড় কেটে রাস্তা চওড়া করা হচ্ছে। আবার কোথাও ফাটল ধরেছে। তাই পুজোয় সিকিম ভ্রমণ নিয়ে দোটানায় পর্যটকরা। অবশ্য ট্যুর অপারেটরদের প্রত্যাশা, পুজোর আগেই আবহাওয়া ঠিক হবে। এবারও পর্যটকদের ভিড় উপচে পড়বে সিকিমে।

Advertisement

এদিকে, ধসের জেরে এদিন দার্জিলিংয়ে বন্ধ ছিল টয়ট্রেন পরিষেবা। বুধবার রাতে তিনধারিয়ার কাছে টয়ট্রেনের লাইনের উপর পাহাড়ের মাটি-পাথর আছড়ে পড়ে। দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ধস সরানোর কাজ শুরু হয়েছে। শীঘ্রই পরিষেবা স্বাভাবিক হবে। 
বৃষ্টির জেরে পাহাড়ের উঁচু অংশ থেকে অনবরত নেমে আসছে কাদা, পাথর। এমন চিত্র ধরা পড়েছে সিকিমের ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইলের বারদাং এলাকায়। এরজেরে সিংতাম-রংপোর মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিকল্প রুট সাওয়ানে, চেউরিবোটে এবং ডুগাখোলা হয়ে সংশ্লিষ্ট দু’টি এলাকার মধ্যে যোগাযোগ রক্ষা করা হয়েছে।
এরবাইরে গ্যাংটকে রানিপুল থেকে সিংতাম রোডের কাপ্পুরায় বিকল্প সিঙ্গেল লেন, সিংতাম থেকে ৩২ নম্বর রোডে স্টোন এজে বিকল্প সিঙ্গেল লেন চালু রয়েছে। সিরওয়ানি স্লাইডিং এরিয়ায় বিকল্প সিঙ্গেল লেন। পাকিয়ং থেকে রানিপুল রোড ভায়া আহো এলাকায় রাস্তা চওড়া করা হচ্ছে। এজন্য সকাল সাড়ে ৮টা-১১টা, বিকেল ৩টা-সাড়ে ৫টা এবং রাত ৮টা-সাড়ে ৮টায় রাস্তাটি খোলা থাকবে। মাচং থেকে লসিং রোডের সাবদা খোলায়, ফেরি থেকে ছোচেন রোডের ৪ মাইল বন্ধ রয়েছে। সিকিম রাজ্যে এমন বেশকিছু রাস্তা বন্ধ রয়েছে। আবার কিছু রাস্তায় সিঙ্গেল লেনে যানবাহন চলাচল করানো হচ্ছে।
পুজোর মুখে সিকিমের এমন পরিস্থিতি নিয়ে পর্যটকদের একাংশ উদ্বিগ্ন। তাঁদের কয়েকজন বলেন, পুজোর ছুটিতে সিকিম ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু আবহাওয়া উদ্বেগ বাড়াচ্ছে। সেই রাজ্যের কিছু রাস্তাও খারাপ রয়েছে। এজন্যই এখনও সিকিম ভ্রমণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। পরিস্থিতির উপর নজর রাখছি ও ট্যুর অপারেটরদের সঙ্গে যোগাযোগ রাখছি।
ট্যুর অপারেটর সম্রাট সান্যাল অবশ্য বলেন, পুজোর পর্যটন মরশুম মহালয়া থেকে শুরু হবে। আশা করছি, সেই সময় থেকে আবহাওয়ার অনেকটাই অনুকূল হবে। এবারও পাহাড়ে পর্যটকদের ঢল নামবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ