নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাসিন্দাদের সঙ্গে নিয়ে তৃণমূলের আন্দোলনের জেরে আপাতত স্থগিত হয়ে গেল বাঁশবেড়িয়ার অবনীপল্লিতে রেলের উচ্ছেদ কর্মসূচি। পাশাপাশি, রেল কর্তৃপক্ষ আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছে বলে তৃণমূল নেতৃত্ব দাবি করেছে। প্রসঙ্গত, আজ মঙ্গলবার অবনীপল্লিতে রেল নিজেদের জমি ফিরিয়ে নিতে উচ্ছেদ অভিযানে নামবে বলে ঘোষণা করেছিল। এর জেরে সোমবার রাত থেকেই বাসিন্দারা এলাকায় পাহারা শুরু করেন। এদিন স্থানীয় মানুষ ও কর্মীদের নিয়ে বিপুল সমাবেশ করে তৃণমূল। সেখানে বিধায়ক তপন দাশগুপ্ত, প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদ সদস্য মানস মজুমদার, বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী সহ নেতৃত্ব উপস্থিত ছিলেন। দুপুরে আরপিএফ অফিসাররা এলাকায় এলেও রেলের কোনও কর্তা আসেননি। মানসবাবু বলেন, আরপিএফ আমাদের নেতৃত্বকে রেলকর্তাদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি, আগামী রবিবার পর্যন্ত কোনও উচ্ছেদ হবে না বলেও জানিয়েছে। আমরা বলেছি, পুনর্বাসনের আশ্বাস না মিললে আন্দোলন চলবে। ভিটেমাটি কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল প্রতিরোধ গড়বে।



