Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘সময়মতো ট্রেন চালানোর জন্য কঠোর নজরদারি চালাচ্ছে রেল’, সাংসদকে চিঠি রেল প্রতিমন্ত্রীর

‘সময়মতো ট্রেন চালানোর জন্য কঠোর নজরদারি চালাচ্ছে রেল’, সাংসদকে চিঠি রেল প্রতিমন্ত্রীর
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনে দীর্ঘদিনের একটি সমস্যা হল অনিয়মিত ট্রেন চলাচল। এতে রীতিমতো নাজেহাল নিত্যযাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের এই সমস্যাটি ১৩ জুন লোকসভার জিরো আওয়ারে উপস্থাপন করেছিলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ। সম্প্রতি বিষয়টি নিয়ে সাংসদকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় রেল রাষ্ট্রমন্ত্রী রবনীত সিং।

Advertisement

সূত্রের খবর, চিঠিতে তিনি লিখেছেন দক্ষিণ পূর্ব রেলের এই ডিভিশনে নন-ইন্টারলকিং (এন-আই) কাজের জন্য সময় মতো ট্রেন চলাচলে প্রভাব পড়ছে। পাশাপাশি অন্য নানা কারণেও ট্রেনের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। যদিও সময়মতো ট্রেন চালানোর জন্য ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় রেলওয়ে। তিনি আরও লিখেছেন, সময়মতো ট্রেন চালানোর জন্য ভারতীয় রেলওয়ে বিভাগীয় ও জোনাল– উভয়স্তরে কঠোর নজরদারি, অতিরিক্ত রেক সরবরাহ সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। সেই সঙ্গে পরিকাঠামোগত বাধাগুলির অপসারণ, যেখান সম্ভব ডিজেল ট্র্যাকশনকে বৈদ্যুতিক ট্র্যাকশনে রূপান্তরিত করা, প্রচলিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি রেকগুলিকে লিঙ্ক হফম্যান বুশ কোচ দিয়ে প্রতিস্থাপন করা এবং স্টেশনগুলিতে বাইপাস লাইন তৈরি সহ বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রেল প্রতিমন্ত্রীর এই চিঠির বিষয়ে সাংসদ সাজদা জানান, রেলমন্ত্রক আমার এলাকার মানুষের দুর্ভোগ স্বীকার করায় আমি তাদের ধন্যবাদ জানাই। যদিও চিঠির উত্তরে শুধুই প্রযুক্তিগত ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে আন্তরিকতার অভাব স্পষ্ট। এই সমস্যার দ্রুত সমাধান না হলে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হবে বলে 
জানান সাংসদ।

Advertisement
সম্পর্কিত সংবাদ