নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা : বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারপুর স্টেশনে রেল অবরোধের জেরে ভোগান্তিতে পড়তে হল অফিস ফেরত যাত্রীদের। প্রতিদিন ঠিক সন্ধ্যা ছ’টা নাগাদ সোনারপুর থেকে ডায়মন্ডহারবার যাওয়ার লোকাল ছাড়ে। বহু অফিস যাত্রী শিয়ালদহ থেকে সোনারপুর লোকাল ধরে সেখানে নেমে এই ডাউন ট্রেনটি ধরেন। কারণ সেটি তুলনামূলক ফাঁকা থাকে। যাত্রীদের অভিযোগ, মাঝে মধ্যেই সোনারপুর লোকাল শিয়ালদহ থেকে ছাড়তে দেরি করে। যার ফলে ডায়মন্ডহারবার যাওয়ার ট্রেনটি তারা ধরতে পারেন না। এমন ঘটনা বহুদিন ধরেই চলছিল। বৃহস্পতিবার সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় রেল লাইনে নেমে অবরোধ করেন কয়েকশো অফিস ফেরত যাত্রী। মুহূর্তে সোনারপুর স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে ভিড় জমে যায়। খবর পেয়ে সোনারপুর জিআরপি থেকে আধিকারিকরা ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। কিন্তু তারা নিজেদের অবস্থানে অনড় থাকে। যদিও মিনিট ১৫-২০ বাদে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। যাত্রীরা বলেন, সন্ধ্যার পর শিয়ালদহ থেকে ডায়মন্ডহারবার লোকালগুলিতে ব্যাপক ভিড় হয়। তাই অনেকে সোনারপুর চলে আসেন। সেখান থেকে বসে ডায়মন্ডহারবার যান তাঁরা। কিন্তু বহুদিন ধরে শিয়ালদহ সোনারপুর লোকাল দেরি করে ছাড়ছে বলে ডায়মন্ডহারবার লোকাল ধরা যাচ্ছে না। যার ফলে পরের যে লোকালগুলি আসে তাতে এক প্রকার ওঠা যায় না। সোনারপুর লোকাল না ঢোকা পর্যন্ত ডায়মন্ডহারবার লোকাল যেন ছেড়ে না চলে যায়। এমনই দাবি এদিন যাত্রীরা করেছেন। এই নিয়ে রেল কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়। তবে ফের যদি একই ঘটনা ঘটে তখন আরও বড় আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিনের এই রেল অবরোধের জেরে, সাময়িক দেরিতে চলে বেশ কিছু লোকাল।



