সংবাদদাতা, বসিরহাট: বসিরহাটের মাটিয়া থানার মাটিয়া বাজার সংলগ্ন নিষিদ্ধ পল্লিতে অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে বিজেপির বসিরহাট দক্ষিণ টাকির মণ্ডল ৩-এর সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশের এই অভিযান চালিয়েছে।
রাতে মাটিয়া থানার পুলিশ নিষিদ্ধ পল্লিতে জুয়ার আসর বসানোর খবর পায়। আচমকা ওই আসরে হানা দিয়ে ১৯ জনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে। বেশ কিছুদিন আগে মাটিয়ার এই নিষিদ্ধ পল্লি বন্ধ করা নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে চরম অশান্তি ও হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখনই পুলিশের নজরদারি বাড়ানো হয়েছিল এলাকায়। দলীয় নেতার গ্রেপ্তারি প্রসঙ্গে বসিরহাট জেলার বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি এই ধরনের কার্যকলাপ প্রশ্রয় দেয় না। আমাদের কেউ যুক্ত থাকলে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয় কংগ্রেস নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা পশ্চিমবঙ্গে সোনার বাংলা উপহার দেবে বলে এসেছিল সেই দলের নেতাদের যদি জুয়ার আসর থেকে গ্রেপ্তার করে পুলিশ, তাহলে সোনার বাংলা গড়বে কি করে। মানুষকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে ভোট নিয়েছে, তার প্রমাণ বিজেপি নেতার গ্রেপ্তারি।



