নয়াদিল্লি: স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (এসআইআর) নামে বিহারে ভোট চুরির অভিযোগে সরব হয়েছেন রাহুল গান্ধী। তাঁর ‘ভোটার অধিকার যাত্রা’তেও ভালোই সাড়া মিলেছে। রবিবার সেই রাজনৈতিক কর্মসূচির মধ্যেই কিছুটা ঘটল এক মজার ঘটনা। বয়সের ইঙ্গিত করে লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ানকে বিয়ে করার পরামর্শ দেন রাহুলের যাত্রাসঙ্গী আরজেডি নেতা তেজস্বী যাদব। মঞ্চে উপস্থিত রাহুল মজা করে সেই বক্তব্য লুফে নেন। বলেন, ‘এ পরামর্শ কিন্তু আমার ক্ষেত্রেও খাটে।’ বর্তমানে রাহুলের বয়স ৫৫। গোঁফ-দাড়ি-চুলে পাক ধরেছে। এর আগেও বিয়ে নিয়ে অনেকেই তাঁকে নানান পরামর্শ দিয়েছেন। তবে প্রতিবারই হাসতে হাসতে সেসব প্রস্তাব উড়িয়ে দিয়েছেন তিনি। ভরা রাজনৈতিক ময়দানেও তিনি যে বিষয়টি নিয়ে মশকরা করবেন, তা ভাবতে পারেননি প্রায় কেউই।
রাজনীতির ময়দানে কমিক রিলিফের মধ্যেই রাহুলের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার সাক্ষী থাকল বিহার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মোটর সাইকেল নিয়ে এগিয়ে চলেছেন রাহুল। হঠাৎই নিরাপত্তা বলয় ভেদ করে এক অনুগামী তাঁর দিকে এগিয়ে আসেন। রাহুলকে জড়িয়ে ধরে তাঁর কাঁধে চুম্বনও করেন ওই ব্যক্তি। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁকে সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা।
এর আগে অবশ্য বিহারের আরারিয়া থেকে নির্বাচন কমিশনকে নিশানা করেছিলেন রাহুল। রবিবার তিনি বলেন, কমিশন ভোট চুরিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। বিজেপিকেও এই কাজে অংশীদার বানিয়েছে তারা। কংগ্রেস নেতার তোপ, ‘সরকারি সংস্থাগুলির বেসরকারিকরণ করেছে মোদি সরকার। এখন তারা নির্বাচন কমিশনের মাধ্যমে এসআইআর করে গরিবের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। মহাজোট ইন্ডিয়া বিহারে এটা হতে দেবে না।’ এসআইআর নিয়ে বিরোধী শিবির একজোট বলেও জানিয়েছেন রাহুল। খুব শীঘ্রই এই জোটের পক্ষ থেকে ইস্তাহার প্রকাশ করা হবে বলেও দাবি তাঁর। এদিন রাহুলের সঙ্গে ছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব, সিপিআই (এমএল) নেতা দীপঙ্কর ভট্টাচার্য এবং ভিআইপির মুকেশ যাদব সাইনি। তেজস্বীর অভিযোগ, নির্বাচন কমিশন ‘গোদি আয়োগ’-এ পরিণত হয়েছে। তাদের বিশ্বাসযোগাত্য তলানিতে এসে ঠেকেছে। এদিকে, এসআইআরে বিহারের অধিকাংশের এনিউমারেশন ফর্ম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। তথ্য অনুযায়ী, ৭ কোটি ২৪ লক্ষ ভোটার এনিউমারেশন ফর্ম জমা দিয়েছিলেন। এর মধ্যে ৯৮.২ শতাংশের ফর্ম গ্রহণ করা হয়েছে। আপত্তি, অভিযোগ বা নথি সংযুক্তির সময়সীমা ১ সেপ্টেম্বর শেষ হচ্ছে।