Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

রাফিনহার হ্যাটট্রিক, জয়ী বার্সা, মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারাল আতলেতিকো

রবার্ট লিওয়ানডস্কি দল ছেড়েছেন। জুলিয়ান আলভারেজকে চেয়েও সই করাতে ব্যর্থ ক্লাব কর্তারা। নতুন মরশুমের গোড়ায় বার্সেলোনার স্কোয়াডে গোল গেটারের অভাব নিয়ে উঠেছিল নানা প্রশ্ন।

রাফিনহার হ্যাটট্রিক, জয়ী বার্সা, মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারাল আতলেতিকো
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আতলেতিকো মাদ্রিদ- ২          :             রিয়াল মাদ্রিদ- ১
সেভিয়া- ১                             :               বার্সেলোনা- ৩

Advertisement

মাদ্রিদ: রবার্ট লিওয়ানডস্কি দল ছেড়েছেন। জুলিয়ান আলভারেজকে চেয়েও সই করাতে ব্যর্থ ক্লাব কর্তারা। নতুন মরশুমের গোড়ায় বার্সেলোনার স্কোয়াডে গোল গেটারের অভাব নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে স্ট্রাইকার হিসাবে রাফিনহাকে ব্যবহার করেন কোচ হান্স ফ্লিক। আর তাতেই মুশকিল আসান। নতুন পজিশনে সুযোগ পেয়ে নিজেকে দারুণভাবে মেলে ধরছেন এই ব্রাজিলিয়ান তারকা। চলতি মরশুমে ৭ ম্যাচে তাঁর নামের পাশে ১২টি গোল। লা লিগায় টানা দু’ম্যাচে হ্যাটট্রিক করলেন রাফিনহা। শনিবার তাঁর কাঁধে ভর করেই সেভিয়ার বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল বার্সা। ৩-১ ব্যবধানে জিতে লিগ টেবিলে শীর্ষস্থান মজবুত করল হান্স ফ্লিকের ছেলেরা (৭ ম্যাচে ২১ পয়েন্ট)।
এবারের ব্যালন ডি’ওরের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি রাফিনহার। অথচ গত মরশুমে বার্সেলোনার জোড়া খেতাব জয়ে অন্যতম মুখ্য ভূমিকা ছিল তাঁর। তা সত্ত্বেও বর্ষসেরা পুরস্কারের তালিকায় জায়গা না পাওয়াটা কিছুটা হলেও তাতিয়ে দিয়েছিল সেলেকাও উইঙ্গারকে। নতুন মরশুমে আরও বেশি ভয়ঙ্কয় দেখাচ্ছে তাঁকে। বার্সার হয়ে প্রথম সাত ম্যাচে যেভাবে একের পর এক গোল করছেন তিনি, তাতে ২০১২ সালে লিও মেসির ৬০ ম্যাচে ৭৩ গোলে রেকর্ড ভেঙে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। রাফিনহা অবশ্য ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়কে বেশি প্রাধান্য দিচ্ছেন। শনিবার ম্যাচে পর তাঁর সাফ জবাব, ‘এবার আমরা সব ট্রফি জিততে চাই। শুরুটা দারুণ হয়েছে। বাকি মরশুমেও এই ছন্দ ধরে রাখতে হবে।’
এদিকে, রবিবার মরশুমে প্রথম মাদ্রিদ ডার্বিতে হারের মুখ দেখল রিয়াল। ঘরের মাঠে হোসে মরিনহো ব্রিগেডকে ২-১ ব্যবধানে হারাল আতলেতিকো। ম্যাচের ৫৩ মিনিটে বক্সের মধ্যে ফাউল করে লাল কার্ড দেখেন রিয়ালের ডিয়ান হুইসেন। পেনাল্টি পায় আতলেতিকো। স্পটকিক থেকে লক্ষ্যভেদে সফল আলেজান্দ্রো গ্রিমান্ডো (১-০)। এরপর আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে ৬ মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ান জনাথন ডেভিড (২-০)। শেষলগ্নে আন্তোনিও রুডিগার ব্যবধান কমালেও হার বাঁচাতে পারেনি রিয়াল (২-১)। ডার্বি জয়ের সুবাদে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল আতলেতিকো। ডিয়েগো সিমিওনের ছেলেদের সংগ্রহ আপাতত ৭ ম্যাচে ১৬ পয়েন্ট। আর হেরে তৃতীয় স্থানে নামল রিয়াল মাদ্রিদ (৭ ম্যাচে ১৫ পয়েন্ট)।

Advertisement
সম্পর্কিত সংবাদ