Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এক বছরে অর্ধেক পথে থার্ড লাইনে এল আমূল পরিবর্তন

নিঃশব্দে কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রো লাইনে প্রথম পর্যায়ে শেষ হল এক বৈপ্লবিক কাজের অধ্যায়। দেশের প্রথম মেট্রো রুটে বিদ্যুৎবাহী থার্ড লাইনের বড় অংশে এল চরিত্রগত বদল।

এক বছরে অর্ধেক পথে থার্ড লাইনে এল আমূল পরিবর্তন
  • ২৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিঃশব্দে কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রো লাইনে প্রথম পর্যায়ে শেষ হল এক বৈপ্লবিক কাজের অধ্যায়। দেশের প্রথম মেট্রো রুটে বিদ্যুৎবাহী থার্ড লাইনের বড় অংশে এল চরিত্রগত বদল। ৪০ বছর আগে তৈরি এই মেট্রো করিডরে রেল চলাচলের জন্য বিদ্যুৎ সরবরাহকারী থার্ড লাইন ছিল ইস্পাত দিয়ে মোড়া। কিন্তু লন্ডন, মস্কো, বার্লিন, মিউনিখসহ বিশ্বের প্রথম সারির শহরগুলিতে মেট্রো চলে অ্যালুমিনিয়ামে তৈরি থার্ড লাইনের মাধ্যমে। পরিবেশবান্ধব এই ব্যবস্থা বাম্পার বিদ্যুৎসাশ্রয়ী। যার মাধ্যমে বাড়তি লক্ষ্মীলাভ একপ্রকার নিশ্চিত। ভারতীয় রেলের অধীনে চলে একমাত্র কলকাতা মেট্রো। লোকসানের ধারাবাহিকতায় দেশের সমস্ত রেল জোনকে বহু পিছনে ফেলে দৌড়চ্ছে শহরের এই গর্বের যান। ক্রমবর্ধমান আর্থিক ক্ষতি ঠেকাতে ও দূষণের মাত্রা রোধে ভারতীয় রেল নর্থ-সাউথ মেট্রো করিডরে থার্ড লাইন পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়। ২০২৩-২৪ অর্থবর্ষে রেল বোর্ড পুরনো ইস্পাতের বদলে গোটা ৩৫ কিমি মেট্রোপথে নয়া অ্যালুমিনিয়ামের থার্ড লাইন বসানো সিদ্ধান্ত হয়। শনিবার রাতে সেই প্রকল্পের প্রথম পর্যায়ে ১৯.৬ কিমি পথে অ্যালুমিনিয়ামের বিদ্যুৎবাহী লাইন পাতার কাজ শেষ হয়েছে।

Advertisement

জার্মানির এক সংস্থা এই কাজের দায়িত্বে রয়েছে। গতবছর জুলাই মাসে হামবুর্গ থেকে সমুদ্রপথে সরঞ্জাম কলকাতা বন্দরে এসে পৌঁছয়। প্রথম পর্যায়ে শ্যামবাজার থেকে মহানায়ক উত্তমকুমার ডাউন লাইন ও শ্যামবাজার থেকে পার্ক স্ট্রিটের আপ (থার্ড) লাইন অ্যালুমিনিয়ামে মুড়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে পার্ক স্ট্রিট থেকে মহানায়ক উত্তমকুমার আপ লাইন ও শ্যামবাজার থেকে দমদম আপ-ডাউন থার্ড লাইনে অ্যালুমিনিয়াম বসবে। সেই কাজ ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। মেট্রো রেলের দাবি, আগামী ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়ে যাবে। তারপর তৃতীয় তথা অন্তিম পর্যায়ে মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ আপ-ডাউনের ইস্পাতের থার্ড লাইন রূপান্তরিত হবে অ্যালুমিনিয়ামে। ইস্পাতের তুলনায় অ্যালুমিনিয়ান অনেক বেশি বিদ্যুতের সুপরিবাহী। এর সৌজন্যে মেট্রো রেকগুলি আগের তুলনায় আরও মসৃণ গতিতে ছুটবে। পাশাপাশি রেকের চাকার পাশে হাতের মটো এক যন্ত্র বেরিয়ে থাকে। একে থার্ড রেল কারেন্ট কানেক্টর (টিআরসিসি) বলা হয়। এর মাধ্যমে থার্ড রেল থেকে বিদ্যুৎ রেকের পৌঁছয়। এক্ষেত্রে টিআরসিসির সঙ্গে ইস্পাতের থার্ড রেলের ঘর্ষণে বাড়তি উত্তাপ তৈরি হয়। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বাড়তি উত্তাপ তৈরি হবে না। সবচেয়ে বড় কথা নয়া ব্যবস্থায় আগের তুলনায় ৮৪ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হবে, যা টাকার অঙ্কে বছরে প্রতি কিলোমিটারে এক কোটি টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ