Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘জীবনে পিতার অবদান’ দেখাবে রবীন্দ্র সঙ্ঘ, শিব আরাধনা রথখোলা স্পোর্টিংয়ে

সন্তানদের প্রতিষ্ঠিত করতে বাবার অবদান আড়ালেই থেকে যায়। যুগ যুগ ধরে চলে আসা সামাজিক এই ধারা ভাঙতে এবার ‘নীরব নায়ক’ পুজোর থিম করেছে শিলিগুড়ির রবীন্দ্র সঙ্ঘ।

‘জীবনে পিতার অবদান’ দেখাবে রবীন্দ্র সঙ্ঘ, শিব আরাধনা রথখোলা স্পোর্টিংয়ে
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: সন্তানদের প্রতিষ্ঠিত করতে বাবার অবদান আড়ালেই থেকে যায়। যুগ যুগ ধরে চলে আসা সামাজিক এই ধারা ভাঙতে এবার ‘নীরব নায়ক’ পুজোর থিম করেছে শিলিগুড়ির রবীন্দ্র সঙ্ঘ। আড়াইশো মিটার দূরে রথখোলা স্পোর্টিং ক্লাবের পুজোর থিম ‘ত্র্যম্বক’। নানা দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করার জন্যই শিব-স্মরণ।  

Advertisement

শিলিগুড়ি শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে রবীন্দ্র সঙ্ঘ ও রথখোলা স্পোর্টিং ক্লাবের পুজো অন্যতম। প্রত্যেক বছরই এদের পুজোর থিম আলাদা করে নজর কাড়ে। শ্রেষ্ঠত্বের স্বীকৃতিও একাধিকবার পেয়েছে এই দুই ক্লাব। 
এবার রবীন্দ্র সঙ্ঘের পুজোর থিম ‘নীরব নায়ক’। সংসারে ছেলেমেয়েদের বড় করে তুলতে বাবা নীরবে কঠিন পরিশ্রম, ত্যাগ ও দায়িত্ব পালন করে যান। সেই কথা স্মরণ করাতেই এ ধরনের থিম বলে জানান ক্লাবের অন্যতম সদস্য সজল নন্দী। দৃষ্টিনন্দন বিশাল প্যান্ডেলে একটি সংসারের চিত্র তুলে ধরা হবে। নানা রকমের মডেলের মধ্য দিয়ে এই থিম ফুটিয়ে তোলা হবে। সেখানেই ছেলেমেয়েদের বড় করে তুলতে বাবার কী কী ভূমিকা ও অবদান সেই দিকগুলি ছবিতে ও মডেলে ধরা থাকবে। 
সজলবাবু বলেন, ছেলেমেয়েদের বড় করে সংসার সুন্দর করে তুলতে একজন বাবা নীরবে তাঁর দায়িত্ব পালন করেন। তাঁর কষ্ট, ত্যাগ লড়াইয়ের কথা সেভাবে আলোচিত হয় না। সন্তানদের এই দিকটি বিশেষ করে জানা প্রয়োজন, যে তাদের বড় করে তোলার ক্ষেত্রে বাবার কী অবদান। তাহলে সামাজিক অনেক সমস্যারই সমাধান সহজ হয়ে যাবে। ছেলেমেয়েরাও বিপথগামী হবে না। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যুবসমাজের একটি অংশের যে অবক্ষয় সেই দিকটি মাথায় রেখেই আমরা এই ‘নীরব নায়ক’ থিমে এবার পুজো করছি। 
রবীন্দ্র সঙ্ঘ থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে রথখোলা স্পোর্টিং ক্লাব। তাদের থিম ‘ত্র্যম্বক’। এখানে হচ্ছে মাতৃ বন্দনায় শিবের আরাধনা। মণ্ডপে প্রবেশ করতেই দেখা যাবে  মঞ্চে ধ্যানরত শিবের বিশাল মূর্তি। দৃষ্টিনন্দন সাজে খোলা মঞ্চের চারদিকেও শিবের নানা আকারের মূর্তি থাকছে। ক্লাবের অন্যতম সদস্য গৌতম সাহা বলেন, বিমান দুর্ঘটনা থেকে শুরু করে ধস সহ যেসব বিপর্যয় ঘটে চলেছে তার হাত থেকে আমাদের রক্ষা করার জন্য শিবের কাছে প্রার্থনা করা হবে এই থিমের মধ্যে দিয়ে। একমাত্র শিবই পারেন সবকিছু থেকে আমাদের রক্ষা করতে। তাই শিবের আরাধনাকে প্রাধান্য দিয়ে এই থিম। ত্র্যম্বক শব্দের অর্থ ত্রিনয়ন। শিবের তিনটি চোখ রয়েছে। শিবের আরএক নাম ত্র্যম্বক। আশা করছি, প্রত্যেক বছরের মতো এবারও আমাদের পুজো আলাদা করে সকলের নজর কাড়বে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ