Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিসিসিআইকে পরামর্শ অশ্বিনের

বিসিসিআইকে পরামর্শ অশ্বিনের
  • ১৬ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

চেন্নাই: ভারতীয় টেস্ট ক্রিকেটে বিরাট-রোহিত যুগের অবসান ঘটেছে। পরের মাসেই ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। তার আগে নতুন অধিনায়ক বাছতে তত্পর নির্বাচক কমিটি। খুব শীঘ্রই এই নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন অজিত আগরকর অ্যান্ড কোং। এমন পরিস্থিতিতে ক্যাপ্টেন বাছতে বিসিসিআইকে বিশেষ পরামর্শ দিলেন রবিচন্দ্রন অশ্বিন। অ্যাশের কথায়, ‘ক্যাপ্টেনের ব্যক্তিত্বের উপর অনেককিছু নির্ভর করে। তাই সবদিক ভেবে সিদ্ধান্ত নেওয়া দরকার। আমি বলব, এক্ষেত্রে অস্ট্রেলিয়ার পথ অবলম্বন করা উচিত।’

Advertisement

অশ্বিন বলেন, ‘সবার আগে এটা দেখা জরুরি, অধিনায়ক যেন প্রথম একাদশে নিয়মিত হয়। অস্ট্রেলিয়ায় যেমন প্রথমে তিন-চারজনকে মনোনীত করা হয়। তারপর তাদের নির্বাচকদের সামনে তুলে ধরতে হয় দল নিয়ে নিজের পরিকল্পনা ও চিন্তাভাবনা। কোন কোন প্লেয়ারকে ব্যাক আপ করবে— সেই বিষয়েও আলোচনায় থাকে। সব কিছু দেখেই ক্যাপ্টেন নির্বাচন করেন নির্বাচকরা। ভারতেও এমনটাই হওয়া উচিত। আমি জানি না বোর্ড কাকে বেছে নেবে। ঋষভ পন্থ, শুভমান গিল, যশপ্রীত বুমরাহ বা রবীন্দ্র জাদেজা, যে-ই দায়িত্ব পাক, টিমকে নিয়ে তাদের পরিকল্পনাটা জানা খুবই দরকার।’ ভারতের প্রাক্তন তারকা স্পিনার আরও যোগ করেন, ‘ক্যাপ্টেন, কোচ বা নির্বাচকদের উপর অনেক ক্রিকেটারের ভবিষ্যত্ নির্ভর করে। বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপ্টেনই প্রথম একাদশ বেছে নেয়। তাই টিমকে নিয়ে তারা কী ভাবছে সেটা জানাও দরকার। দূর থেকে বোঝা মুশকিল, কার মধ্যে সফল অধিনায়ক হওয়ার গুন মজুত। যতক্ষণ না এই সব ব্যাপারে সংশ্লিষ্ট ক্রিকেটারের মতামত জানা হচ্ছে। তবে আমার মনে হয় না বোর্ড এমন প্রক্রিয়া ফলো করবে।’ শোনা যাচ্ছে, ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিল এগিয়ে। তবে অ্যাশের প্রথম পছন্দ যশপ্রীত বুমরাহ। কারণ, অস্ট্রেলিয়া সফরে ‌ক্যাপ্টেন হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন বুমবুম। তবে ভারতের এক নম্বর পেসার খুবই চোটপ্রবণ। সেটাই তাঁর বিপক্ষে যাচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার ডব্লুটিসি’র পুরস্কারমূল্য ঘোষণা করেছে আইসিসি। জয়ী দল পাবে প্রায় ৩১ কোটি টাকা। যা গত দু’বারের তুলনায় দ্বিগুণ। রানার্স দল পাবে প্রায় ১৯ কোটি। আর তৃতীয় দল ভারত পাবে ১২.৩২ কোটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ