Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

দিদিয়ের দেশঁর স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন ফরাসি শিবিরে

ফ্রান্সের বিশ্বকাপ সেমি-ফাইনালে স্পেনের কাছে হারের পর কোচ দিদিয়ের দেশঁর স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুললেন এমবাপে। বিস্তারিত পড়ুন।

দিদিয়ের দেশঁর স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন ফরাসি শিবিরে
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ডালাস: স্পেনের তিকি-তাকায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার। মঙ্গলবার ডালাসে ইয়ামাল-রড্রিদের পাসের ফুলঝুরিতে রীতিমতো আত্মসমর্পণ করেছে ফরাসি-ব্রিগেড। ফ্রান্সের আপফ্রন্ট সেভাবে বলই পাচ্ছিল না। আর তাই ম্যাচ শেষে কোচ দিদিয়ের দেশঁকে কাঠগড়ায় তুললেন এমবাপে। প্রশ্ন তুললেন তাঁর স্ট্র্যাটেজি নিয়ে। কিলিয়ানের কথায়, ‘পরিকল্পনায় গলদ ছিল। বারবার মনে হয়েছে, মাঝমাঠে স্পেনের তিনজনের বিরুদ্ধে দু’জন লড়ছি। যা খুবই সমস্যার। তাছাড়া আমাদের প্রেসিংয়েও বোঝাপড়ার অভাব দেখা দেয়। উচিত ছিল ম্যান-টু-ম্যান প্রেস করা।’

Advertisement

বলার অপেক্ষা রাখে না, নাম না করেই দেশঁকে বিঁধেছেন এমবাপে। তবে সেখানেই শেষ নয়। তাঁর আরও সংযোজন, ‘বিশ্বকাপের সেমি-ফাইনালে যখন কোনো দল জানে না কী করতে হবে, তাদের পক্ষে জেতা সম্ভব নয়। অধিনায়ক হিসাবে এই হারের দায় আমারও। বরং স্পেন পরিকল্পনামাফিক পারফরম্যান্স মেলে ধরেছে।’ দিদিয়ের দেশঁ যদিও এমবাপের মন্তব্যের প্রতিক্রিয়া দেননি। তিনি দুষেছেন রেফারিকে। কোচের কথায়, ‘মাঠের রেফারি নিয়ে কী বলব! আপনারাই বলুন, বিশ্বকাপ সেমি-ফাইনালের ম্যাচ পরিচালনা করার মান কি তাঁর রয়েছে?’ বিশ্বকাপের পরই দায়িত্ব ছাড়ছেন দেশঁ। ফরাসি দলের হেড কোচের দায়িত্ব নেবেন সম্ভবত জিনেদিন জিদান।

Advertisement
সম্পর্কিত সংবাদ