নয়াদিল্লি: গাড়ি বিস্ফোরণে নেপথ্যে থাকা ডাঃ উমর উন নবিকে নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা। আর এই সমস্ত তথ্য জন্ম দিচ্ছে নতুন নতুন প্রশ্নের। জানা গিয়েছে, বিস্ফোরণের ১০ দিন আগে গত ৩১ অক্টোবর নিজের মোবাইল ফোন সুইচড অফ করে দিয়েছিল সে। তার শেষ লোকেশন ছিল আল-ফালাহ বিশ্ববিদ্যালয়।
বিস্ফোরণের পর তদন্তে নেমে ইতিমধ্যে বিভিন্ন জায়গার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছেন গোয়েন্দারা। কিন্তু কোনও ফুটেজেই উমরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়নি। এর পরেই প্রশ্ন উঠেছে, যদি উমর মোবাইল ব্যবহার না করে, তাহলে সে কীভাবে নিজের হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখছিল? সেক্ষেত্রে মনে করা হচ্ছে, বিকল্প একটি ফোন হয়তো ছিল তার কাছে। গাড়ি বিস্ফোরণে ওই ফোনটিও হয়তো নষ্ট হয়ে গিয়েছে।
এর সঙ্গেই উঠে আসছে পৃথক একটি তত্ত্ব। তদন্তে নেমে গোয়েন্দাদের অনুমান, হামলা কীভাবে হবে, সেই সম্পর্কে আগে থেকেই প্ল্যান করে নিয়েছিল উমর। আর সেই কারণেই সম্ভবত নিজের মোবাইল ফোন ব্যবহার করেনি সে। যাতে অপারেশনের সময় কেউ কোনওভাবে তাকে ট্র্যাক করতে না পারে। তদন্তপর্বে সমস্ত দিকই খতিয়ে দেখছেন গোয়েন্দারা।