নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার বাংলা ভাষায় বিবৃতি দেওয়া শুরু করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সেক্ষেত্রে মূল ইংরেজি বা হিন্দি থেকে যে বাংলা অনুবাদ করা হচ্ছে, তা দেখে বাঙালি যাত্রীদের চোখ কপালে ওঠার জোগাড়! একটি বিবৃতিতে ‘সাস্টেইনেবল ফিউচার’-এর বাংলা হিসেবে লেখা হয়েছে ‘টেকসই ভবিষ্যৎ’। এমন অদ্ভুত বাংলা শব্দবন্ধের কী অর্থ, তা নিয়ে যাত্রীদের মধ্যে কানাকানি, মৃদু হাসিঠাট্টাও চলছে। অনেকে আবার একে এআই’র কেরামতি বলে ভাবছেন। প্রসঙ্গত, গত সপ্তাহ থেকে বাংলার ব্যবহার শুরু হয়েছে বিমানবন্দরে। ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে বাংলায় বিবৃতি দেওয়া হয়। বৃক্ষরোপণের ছবি সহ কিছু তথ্য বাংলায় প্রকাশ করা হয়। সেই বিবৃতিরই একটি জায়গায় লেখা হয়েছে ‘টেকসই ভবিষ্যৎ’ কথাটি। যাত্রীদের বক্তব্য, সহজ-সরল শব্দ ব্যবহার করলেই ভালো। এখন দৈনিক ট্রাফিক ডেটা ইংরেজির সঙ্গে বাংলাতেও লিখছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। কলকাতা থেকে কতগুলি বিমান দৈনিক আসা-যাওয়া করছে, যাত্রী সংখ্যা কত থাকছে—এসব তথ্যও এখন বাংলায় লিখে দেওয়া হচ্ছে।



