নিজস্ব প্রতিনিধি, বরানগর: নিউ বারাকপুর শহরে উদ্ধার ময়াল সাপ! ভাঙা পাচিলের উপর থেকে মুখ বের করে রয়েছে ১৪ ফুটের ময়াল। বুধবার সকালে সমাজমাধ্যমে সেই ছবি ভাইরাল হয়। এনিয়ে তৈরি হওয়া আতঙ্কের মধ্যেই রাতে জানা যায়, ওই ছবি আসলে ‘এআই’ বা ‘আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স’ -এর মাধ্যমে তৈরি করা। স্থানীয় এক ব্যক্তি ওই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন।
এদিন সকাল থেকে সমাজমাধ্যম জুড়ে ওই ময়ালের ছবি ছড়িয়ে পড়ে। তাতে লেখা, আজ নিউ বারাকপুরের চার নম্বর ওয়ার্ডের আট নম্বর রেলগেট সংলগ্ন কাঠের ব্রিজের কাছে ময়ালটি পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাঁরা এই ছবি সমাজমাধ্যমে দিয়েছিলেন, তাঁরা জানান ভোরবেলায় বনদপ্তর সাপটিকে নিয়ে গিয়েছে। কিন্তু আশপাশের বাসিন্দারা কেউ স্বচক্ষে সাপ দেখেননি। নিউ বারাকপুর থানা বা স্থানীয় বনদপ্তরের কেউ সাপের বিষয়ে কিছু জানেন না। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ওই সাপের ছবি আসলে এআই-এর তৈরি।