Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হাঙ্গেরিতে ডেকে পুতিনকে গ্রেফতারির ছক! ট্রাম্পের আমন্ত্রণ ঘিরে জল্পনা তুঙ্গে

তিন বছরের বেশি সময় অতিক্রান্ত। এখনও থামেনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আলাস্কায় সংঘর্ষ থামানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। এই অবস্থায় কি সুকৌশলে ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করার ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বুদাপেস্টে পুতিনকে গ্রেফতারের দাবি জানিয়েছে জার্মানি।

হাঙ্গেরিতে ডেকে পুতিনকে গ্রেফতারির  ছক! ট্রাম্পের আমন্ত্রণ ঘিরে জল্পনা তুঙ্গে
  • ১৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মস্কো: তিন বছরের বেশি সময় অতিক্রান্ত। এখনও থামেনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আলাস্কায় সংঘর্ষ থামানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। এই অবস্থায় কি সুকৌশলে ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করার ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বুদাপেস্টে পুতিনকে গ্রেফতারের দাবি জানিয়েছে জার্মানি। সম্প্রতি শান্তি আলোচনার জন্য রুশ প্রেসিডেন্টকে হাঙ্গেরিতে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত এই দেশটিতে স্বাভাবিকভাবেই পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ক্রেমলিন অবশ্য জানিয়েছে, হাঙ্গেরি সফর নিশ্চিত হওয়ার আগে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরেই বুদাপেস্ট যাবেন রুশ প্রেসিডেন্ট। যদিও তাঁকে সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানানোর কথা জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওর্বান। এক্ষেত্রে এপ্রিল মাসে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হাঙ্গেরি সফরের কথা উল্লেখ করেন ওর্বান। গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুর বিরদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি হাঙ্গেরি সরকার। ওর্বান বলেন, ‘ইউরোপে একমাত্র বুদাপেস্টেই এধরনের বৈঠক করা যায়।’ প্রসঙ্গত, ২০২৩ সালে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিসি কাউকেই গ্রেপ্তার করতে পারে না। কারণ তাদের নিজস্ব পুলিশ নেই। তাদের সদস্য দেশগুলির উপর নির্ভর করতে হয়। তাই প্রশ্ন উঠছে, তাহলে কি বুদাপেস্টে পা রাখলেই পুতিনকে গ্রেফতার করবে সেদেশের প্রশাসন? বাড়ছে জল্পনা।

Advertisement

ওর্বানের আশ্বাস সত্ত্বেও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ওয়াকিবহাল মহল। হাঙ্গেরি আইসিসির সদস্যভুক্ত দেশ। সেক্ষেত্রে পুতিন সেখানে গেলে তাঁকে গ্রেফতার করতে বাধ্য ওর্বান প্রশাসন। ইতিমধ্যে সেই দাবি জানিয়েছে জার্মানি। এদিকে আইসিসির সদস্য তালিকা থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেন ওর্বান। তবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে কমপক্ষে এক বছর সময় লাগবে। তার আগে পুতিন হাঙ্গেরি গেলে তাঁকে গ্রেফতার করা যেতেই পারে। 
এখানেই অবশ্য পুতিনের সমস্যার সমাধান হচ্ছে না। বুদাপেস্ট যেতে গেলে রুশ প্রেসিডেন্টকে বেশ কিছুটা কষ্ট করতে হবে। রোমানিয়া, স্লোভাকিয়া বা পোল্যান্ডের মতো দেশের উপর দিয়ে বিমান নিয়ে গেলে কিন্তু বিপদ হতে পারে। এই দেশগুলি আইসিসির সদস্য ও পুতিন বিরোধী। ফলে তাঁর গ্রেফতারির সম্ভাবনা থেকেই যায়। বিকল্প পথ হিসেবে বেলারুশ ও পশ্চিম ইউক্রেন হয়ে বুদাপেস্ট পৌঁছতেই পারেন পুতিন। সেটা আরও বিপজ্জনক। কারণ, যুদ্ধরত ইউক্রেনের আকাশসীমায় যাত্রার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা। তাই বুদাপেস্ট যেতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে। পুতিনকে তাই হাঙ্গেরি যেতে হলে অনেক ঘুরপথে যেতে হবে। যেমন নেতানিয়াহু গিয়েছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ