বেঙ্গালুরু: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল পাঞ্জাব কিংস। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫ উইকেটে হারাল প্রীতি জিন্টার দল। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে সাতটায়। কিন্তু বৃষ্টির কারণে খেলা অনেক দেরিতে শুরু হয়। শেষ পর্যন্ত ১৪ ওভারের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার। প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে ৯ উইকেটে ৯৫ রান। জবাবে ১১ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় পাঞ্জাব (৯৮-৫)। সামান্য পুঁজি নিয়ে দুরন্ত লড়েও শেষরক্ষা হয়নি বিরাট কোহলিদের।
শুরুটা ভালো হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। প্রথম ওভারেই ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ওপেনার ফিল সল্ট (৪)। তবে প্রাথমিক ধাক্কা সামলে ক্যাপ্টেন রজত পাতিদার পাল্টা প্রত্যাঘাত হানেন পাঞ্জাব শিবিরে। মনে হচ্ছিল, লড়াই জমে উঠবে। কিন্তু পরের ওভারে ফের বেঙ্গালুরুকে বড় ধাক্কা দেন অর্শদীপ। তিনি ডাগ-আউটে ফেরান বিরাট কোহলিকে (১)। মাত্র এক রানে মহাতারকার বিদায়ে গ্যালারিতে নেমে আসে শ্মশানের নিস্তব্ধতা। আসলে বৃষ্টি মাথায় ঘণ্টার পর ঘণ্টার অপেক্ষা তো কোহলির ব্যাটে ঝড় দেখার জন্য। তাই অনেকেই আশাহত। ব্যর্থ লিভিংস্টোনও (৪) ও জীতেশ শর্মা (২), ক্রুণাল পান্ডিয়াও (১)। যেটুকু রান এল তা টিম ডেভিডের ব্যাট থেকে। ৫০ রানে অপরাজিত থাকলেন তিনি। বেঙ্গালুরু থামে ৯৫ রানে।
জবাবে পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংস (১৬) ও প্রভসিমরন (১৩) তাড়াতাড়ি ফেরেন। অধিনায়ক শ্রেয়সও ব্যর্থ(৭)। তবে নেহালের ৩৩ রানে ভর করে ১২.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস। আরসিবির হয়ে হ্যাজলউড ৩টি ও ভুবনেশ্বর কুমার ২টি উইকেট নিয়েছেন।