Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চিপকে ধোনি বাহিনীর সামনে পাঞ্জাব কিংস

শেষ পাঁচটা ম্যাচ জিতলেও প্লে-অফে ওঠার সম্ভাবনা কার্যত নেই। ৯টি খেলে ধোনির দলের ঝুলিতে মাত্র ৪ পয়েন্ট।

চিপকে ধোনি বাহিনীর সামনে পাঞ্জাব কিংস
  • ৩০ এপ্রিল, ২০২৫ ২৩:০৪
Prefer us on Google

চেন্নাই: শেষ পাঁচটা ম্যাচ জিতলেও প্লে-অফে ওঠার সম্ভাবনা কার্যত নেই। ৯টি খেলে ধোনির দলের ঝুলিতে মাত্র ৪ পয়েন্ট। ধরে নেওয়া যেতেই পারে এবারের মতো আইপিএল ট্রফি জেতার আশা শেষ চেন্নাই সুপার কিংসের। গ্রুপের বাকি ম্যাচগুলি থেকে তাহলে সিএসকে’র প্রাপ্তি কী হতে পারে? ব্যর্থতা ঢেকে সাফল্যের ভিত রচনা। চেন্নাই সেভাবেই বার বার ধাক্কা খেয়ে ঘুরে দাঁড়িয়েছে। আপাতত সেই লক্ষ্যেই এগতে চাইছে ‘হলুদ ব্রিগেড’। দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরে সমর্থকদের আস্থার মর্যাদা রাখতেও মরিয়া ধোনিরা। এই অঙ্ক সামনে রেখেই বুধবার চিপকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস। 

Advertisement

এই মুহূর্তে ৯টি খেলে পাঞ্জাবের পয়েন্ট ১১। অর্থাৎ প্লে-অফের দরজা খোলা প্রীতি জিন্টার দলের কাছে। শ্রেয়সের নেতৃত্বে পাঞ্জাব কিংস দুরন্ত ফর্মে। গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ফলে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। নতুন করে আর পয়েন্ট খোয়ালে কিন্তু বিপদ। সেকথা মাথায় রেখে নামতে হবে অর্শদীপদের।
পাঞ্জাবের ব্যাটিং অনেক বেশি জমাট লাগছে দুই ওপেনার প্রভসিমরন সিং ও প্রিয়াংশ আর্য ছন্দে থাকায়। পাওয়ার প্লে’তে দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়াই দুই ব্যাটারের কৌশল। তবে শুরুতে উইকেট পড়ে গেলে পাঞ্জাব কিন্তু কেঁপে যেতে পারে। সেক্ষেত্রে ক্যাপ্টেন শ্রেয়স আয়ারের দায়িত্ব অনেক বাড়বে। কারণ, পরের দিকের ব্যাটারদের উপর চোখ বন্ধ করে ভরসা রাখা যায় না। ম্যাক্সওয়েল একেবারেই ছন্দে নেই। জস ইংলিশ ও নেহাল ওয়াধেরা তুলনায় পাতে দেওয়ার মতো। তবে মার্কো জানসেনকে অলরাউন্ডার বানাতে গিয়ে পাঞ্জাবের টিম ম্যানেজমেন্ট বাড়তি ঝুঁকি নিচ্ছে। সেটা হিতে বিপরীত হতে পারে।
ব্যাটিংয়ের থেকে পাঞ্জাবের বোলিং বেশি শক্তিশালী। তিন পেসার অর্শদীপ সিং, মার্কো জানসেন ও আজমাতুল্লাহ ওমরজাই গতি ও বাউন্সে বিপক্ষ দলের ব্যাটারদের চাপে রাখছেন। স্পিন স্পেশালিস্ট যুজবেন্দ্র চাহাল চিপকের পিচে শ্রেয়সের তুরুপের তাস। দ্বিতীয় স্পিনার হরপ্রীত ব্রার’ও চমক দেওয়ার ক্ষমতা রাখেন।
তবে চেন্নাই সুপার কিংস হল আহত বাঘ। খেতাবি দৌড়ে ছিটকে গেলেও পাঁচবারের চ্যাম্পিয়নরা অনেক দলেরই যাত্রাভঙ্গ করতে পারে। মূলত ব্যাটিং সমস্যাই ভোগাচ্ছে চেন্নাইকে। ধোনিরা তা কাটিয়ে উঠতে পারেন কিনা, সেটাই দেখার। সিএসকে দলে কিছু পরিবর্তন হতে পারে। তবে ওপেনার আয়ূশ মাতরের খেলার সম্ভাবনা প্রবল। এছাড়া জাদেজা, শিবম দুবে, ব্রেভিস, স্যাম কারানরা রয়েছেন, যাঁরা বড় ইনিংস খেলার ব্যাপারে দক্ষ। মিডল অর্ডারে চেন্নাইয়ের বড় ভরসা ক্যাপ্টেন ধোনি। তবে মাহি শুরুতে ঝোড়ো ব্যাটিংয়ে সমর্থকদের মন জিতলেও আচমকা ছন্দ হারিয়ে কিছুটা বিপাকে। চেন্নাইয়ের বোলিংও জমাট বাঁধছে না। খলিল আহমেদ, নূর আহমেদ, অশ্বিনদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। পাথিরানার জারিজুরিও ধরে ফেলেছেন ব্যাটাররা। বোলিংয়ে ধার না বাড়াতে পারলে চেন্নাইয়ের জয়ের সরণিতে ফেরা কঠিন।                   অনুশীলনে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স

Advertisement
সম্পর্কিত সংবাদ