Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

নাটকীয়ভাবে পাঞ্জাব বধ গুজরাতের

শুভমান গিল বনাম শ্রেয়স আয়ার! মোতেরায় রবিবারের দ্বৈরথ এভাবেই দেখা হচ্ছিল। আর তাতে বাজিমাত গিলের গুজরাত টাইটান্সেরই (১৬৭-৬)। টানটান উত্তেজনার মধ্যে এক বল বাকি থাকতে  পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারাল তারা। তবে ব্যাট হাতে দাগ কাটতে পারলেন না দুই মহারথীর কেউই।

নাটকীয়ভাবে পাঞ্জাব বধ গুজরাতের
  • ৪ মে, ২০২৬ ০৪:০০

আমেদাবাদ: শুভমান গিল বনাম শ্রেয়স আয়ার! মোতেরায় রবিবারের দ্বৈরথ এভাবেই দেখা হচ্ছিল। আর তাতে বাজিমাত গিলের গুজরাত টাইটান্সেরই (১৬৭-৬)। টানটান উত্তেজনার মধ্যে এক বল বাকি থাকতে  পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারাল তারা। তবে ব্যাট হাতে দাগ কাটতে পারলেন না দুই মহারথীর কেউই। পাঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়স ২১ বলে মাত্র ১৯ করে ফেরেন। তাঁকে বোল্ড করেন জেসন হোল্ডার। গুজরাত ক্যাপ্টেন গিল (৫) আবার দশের গণ্ডিও পেরতে পারেননি। অর্শদীপ সিংয়ের বলে ক্যাচ তোলেন তিনি। তবে মাঠ ছাড়ার সময় গিলের মুখে দেখা গেল একগাল হাসি।।

Advertisement

এবারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে পাঞ্জাব। ২৮ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে পর্যন্ত অপরাজিত ছিল প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। কিন্তু গত ম্যাচে বৈভবদের কাছে হোঁচট খায় তারা। রবিবারও শ্রেয়সদের সঙ্গী পরাজয়। এদিন টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। প্রিয়াংশ আর্য (২), কুপার কনোলি (০) ফেরেন প্রথম ওভারেই। দ্রুত আউট হন ফর্মে থাকা প্রভসিমরন সিংও (২)। ৮.৪ ওভারে ৪৭ রানে পাঁচ উইকেট খুইয়ে ধুঁকতে থাকে পাঞ্জাব। এরপর মার্কাস স্টোইনিসের সঙ্গে জুটিতে ৪৪ বলে ৭৯ রান যোগ করেন সূর্যাংশ শেদজে। ২৯ বলে ৫৭ করেন তিনি। শেদজে মারেন পাঁচটি ছক্কা ও তিনটি চার। স্টোইনিস ৩১ বলে করেন ৪০। শেষের দিকে মার্কো জানসেন (২০) দেড়শোর ওপারে নিয়ে যান দলকে। গুজরাতের সফলতম বোলার জেসন হোল্ডার (৪-২৪)।  নজর কাড়েন মহম্মদ সিরাজ (২-২৮), কাগিসো রাবাডা (২-২২), রশিদ খানও (১-৩২)। পাঞ্জাব শেষ পর্যন্ত ৯ উইকেটে থামে ১৬৩ রানে। 
জবাবে শুরুতেই গিলকে হারায় গুজরাত। তবে জস বাটলারের (২৫) সঙ্গে জুটিতে দলকে টানেন সাই সুদর্শন। ৪১ বলে ৫৭ করেন বাঁ-হাতি ওপেনার। মারেন পাঁচটি চার ও একটি ছক্কা। নিশান্ত সিন্ধু (১৫), রাহুল তেওয়াটিয়া (২), হোল্ডার (৫) ব্যর্থ হলেও ওয়াশিংটন সুন্দর (অপরাজিত ৪০) ভরসা দেন। শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা মেরে তিনিই আনেন ২ পয়েন্ট।

সম্পর্কিত সংবাদ